ছবিঃ সংগৃহীত
১২ বছর বয়সে প্রথম র্যাকেট ধরেছিলেন রাজিন আহমেদ। সেই কিশোর এবার প্রথমবারের মতো জাতীয় ব্যাডমিন্টনে পুরুষ এককের শিরোপা জিতেছেন। এই পথটা তিনি পেরিয়েছেন অধ্যবসায়, ত্যাগ আর স্বপ্ন পূরণের অদম্য বিশ্বাস নিয়ে।
সিলেটের গোলাপগঞ্জের এক সাধারণ পরিবারের ছেলে এই তরুণ শাটলার। ধাপে ধাপে তিনি এখন দেশের ব্যাডমিন্টনের সম্ভাবনাময় খেলোয়াড়দের একজন। জাতীয় এককে প্রথম শিরোপা তাঁর ক্যারিয়ারের বড় একটি মাইলফলক।
সদ্য শেষ হওয়া ৪০তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন রাজিন। ফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশ আনসারের এসএসএম সিবাগাত উল্লাহ ওয়াকওভার দিলে শিরোপা ওঠে তাঁর হাতে।
রাজিনের কাছে অবশ্য এটি শুধু নিজের অর্জন নয়। দীর্ঘদিনের লড়াই আর আর্থিক টানাপোড়েনে স্বপ্ন ভেঙে যাওয়ার শঙ্কার মধ্যেও যাঁরা পাশে ছিলেন, এই শিরোপায় তাঁদের সহযোগিতারও ছাপ আছে।
নিজের পথচলা, দেশের ব্যাডমিন্টনের চ্যালেঞ্জ আর সামনের লক্ষ্য নিয়ে বাসসের সঙ্গে কথা বলেছেন নতুন এই চ্যাম্পিয়ন।
জাতীয় পর্যায়ে সাফল্যের পথ রাজিনের জন্য একেবারেই মসৃণ ছিল না। স্থানীয় শুভাকাঙ্ক্ষী, পরামর্শদাতা আর বড় ভাইদের সহযোগিতাই তাঁর ব্যাডমিন্টনের স্বপ্নকে বাঁচিয়ে রেখেছে।
গ্রামের প্রবীণ ও সুহৃদদের মধ্যে শাকিল, কাসেম, সন্তোষ, এনাম ও মিঠু ভাই সব সময় পাশে ছিলেন, পাশে ছিলেন তাঁর কোচও।
টাকার টানাটানি হোক বা মানসিক চাপ—সমস্যায় পড়লেই তাঁরা হাত বাড়িয়েছেন। র্যাকেট থেকে শুরু করে অনুশীলনের দরকারি সরঞ্জামও জোগাড় করে দিয়েছেন। এই সহায়তার জোরেই খেলোয়াড় হিসেবে নিজের লক্ষ্য থেকে সরে যাননি রাজিন।
জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার পথে নানা বাধা পেরোতে তাঁদের সাহায্য বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি।
দেশে সাফল্য এলেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ব্যাডমিন্টন এগোনোর পথে কিছু কাঠামোগত সমস্যা রয়ে গেছে বলে মনে করেন রাজিন।
অনুশীলনের যথেষ্ট সুবিধা না থাকা, আধুনিক কোচিংয়ের ঘাটতি, আন্তর্জাতিক পর্যায়ে খেলার সীমিত সুযোগ আর পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাব—এগুলোকেই খেলাটির উন্নয়নের বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
তিনি জানান, শাটল, কোর্ট ভাড়া আর অন্যান্য অনুশীলন সরঞ্জামের পেছনে খেলোয়াড়দের প্রায়ই মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়। ফেডারেশন বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে নিয়মিত আর্থিক সহায়তা না থাকায় অনেক প্রতিভাবান শাটলার ক্যারিয়ার টিকিয়ে রাখতে হিমশিম খান।
জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য নিয়মিত আর্থিক সহায়তা, ভালো অনুশীলন সুবিধা আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার বেশি সুযোগ তৈরি হলে ব্যাডমিন্টনে বাংলাদেশ উল্লেখযোগ্যভাবে এগোতে পারবে—এমনটাই বিশ্বাস রাজিনের।
রাজিন এখন উচ্চমাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র। খেলার পাশাপাশি পড়াশোনার দায়িত্বও সমান তালে সামলাতে চান তিনি।
তবে তাঁর স্বপ্ন দেশের গণ্ডিতে আটকে নেই। আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের হয়ে এশিয়ান পর্যায়ে সোনার পদক জেতার লক্ষ্য ঠিক করেছেন এই তরুণ।
তাঁর বিশ্বাস, সঠিক পরিকল্পনা, যথেষ্ট সুযোগ-সুবিধা আর পৃষ্ঠপোষকতা পেলে আন্তর্জাতিক মঞ্চে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য বাংলাদেশের খেলোয়াড়দের আছে।
জাতীয় শিরোপা তাই রাজিনের কাছে শেষ গন্তব্য নয়, বরং আরও বড় যাত্রার শুরু। দেশের জন্য আন্তর্জাতিক গৌরব আনার স্বপ্নই তাঁকে সামনে এগিয়ে নিচ্ছে।