ছবিঃ সংগৃহীত
ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূত তোমাজ মেনসিন জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়াতে চায় তাঁর দেশ। এ জন্য বাণিজ্য, সংসদীয় সম্পর্কসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা জানান।
স্পিকার বলেন, বাংলাদেশ ও স্লোভেনিয়ার বন্ধুত্ব অনেক দিনের। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি যুগোস্লাভিয়া সফর করেছিলেন। তখনকার যুগোস্লাভ রাষ্ট্রপতি মার্শাল টিটো ছিলেন আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী এক ব্যক্তিত্ব। স্বাধীনতার পর থেকেই তৎকালীন যুগোস্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বিকশিত হয়েছে।
দেশের গণতান্ত্রিক যাত্রার ইতিহাস তুলে ধরতে গিয়ে স্পিকার বলেন, ১৯৪৭ সালের দেশভাগের পরও এ অঞ্চলে গণতন্ত্রে উত্তরণ ঘটেনি। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না দেওয়ায় শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে স্বাধীনতা এলেও গণতন্ত্র অধরাই থেকে যায়। নানা সময়ে সামরিক ও স্বৈরাচারী শাসন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাধা হয়ে দাঁড়িয়েছে।
বিগত ১৬ বছরে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসন কায়েম করে মানুষের সাংবিধানিক অধিকার নস্যাৎ করা হয় বলে উল্লেখ করেন স্পিকার। তিনি বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার গুম, খুন, অর্থ পাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সেই শাসনের অবসান হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বলে অভিহিত করেন স্পিকার।
রাষ্ট্রদূত মেনসিন বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের নির্বাচনী পর্যবেক্ষক দল এ নির্বাচন পর্যবেক্ষণ করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে স্লোভেনিয়া সরকার আগ্রহী বলেও জানান তিনি।
দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর, রোহিঙ্গা সংকটের সমাধান, মুক্ত বাণিজ্য চুক্তি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের ওপর দুই পক্ষই জোর দেয়।
বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে বিনিয়োগ করতে স্লোভেনিয়ার কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানান স্পিকার।
স্লোভেনিয়া দূতাবাসের কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সাক্ষাতে উপস্থিত ছিলেন।