চরকার মাধ্যমে সুতা কাটা উদ্বোধন করলেন জয়ন্তী রায়
রাজবন বিহারে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান শুরু
সংগৃহীত
দেবদত্ত মুৎসুদ্দী, রাঙ্গামাটি : ধর্মীয় ভাবগাম্ভীর্য, পুণ্যার্থীদের ঢল আর ঐতিহ্যের ছোঁয়ায় রাঙামাটির রাজবন বিহারে শুরু হয়েছে ৫০তম শুভ দানোত্তম কঠিন চীবর দান-২০২৬। দুই দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিনে চরকার মাধ্যমে সুতা কাটার শুভ উদ্বোধন করা হয়। ১৯-২০ নভেম্বর রাজবন বিহারে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। আয়োজনে রয়েছে উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদ ও পুণ্যার্থীবৃন্দ, রাজবন বিহার, রাঙামাটি।
অনুষ্ঠানে চরকার মাধ্যমে সুতা কাটার শুভ উদ্বোধন করেন রাজ পরিবারের বিশিষ্ট সদস্য (কুমার সমিত রায়ের সহধর্মিনী) জয়ন্তী রায়। উদ্বোধনের পর পরই বেইনঘর ও চরকিতে সুতা কাটায় অংশ নেন শত শত উপাসিকা। ঐতিহ্যবাহী এই সুতা দিয়েই তৈরি হবে কঠিন চীবর, যা ভিক্ষুদের উদ্দেশে দান করা হবে।
রাজবন বিহারের ভিক্ষু প্রজ্ঞালংকার মহাথেরসহ বিহারের ভিক্ষু সংঘ এই সময় উপস্থিত থেকে পুণ্যার্থীদের আশীর্বাদ করেন।
৫০তম কঠিন চীবর দান উপলক্ষে রাতব্যাপী ধর্মীয় কীর্তন পরিবেশন করছে দীঘিনালা নাট্যদল চাকমা সাংস্কৃতিক গোষ্ঠী, দীঘিনালা, খাগড়াছড়ি। এছাড়া পুণ্যার্থীদের জন্য ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে রাঙামাটি পপুলার ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল। হোমিওপ্যাথি চিকিৎসক ডা. প্রভাসক সম্ভুনাথ চাকমা সহ একটি দল হোমিওপ্যাথি ফ্রী মেডিকেল সেবা দেন।
কঠিন চীবর দানকে কেন্দ্র করে রাজবন বিহার এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থী বিহারে সমবেত হচ্ছেন।
কমেন্ট বক্স