ছবিঃ সংগৃহীত
চার মাদককারবারিকে আটক করে তাঁদের কাছ থেকে এক কোটি আট হাজার টাকা মূল্যের নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বিশেষ অভিযানে জব্দ এই ট্যাবলেটের সংখ্যা ৫০ হাজার ৪০০ পিস, ওজন ৪০ দশমিক ৩২ কেজি।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার নিজামপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া (৩১), পূর্ব চকপাড়া গ্রামের মো. বজলু মিয়ার ছেলে মো. সাইদুল ইসলাম (৩২), সাকুয়া গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. সৈয়দ মিয়া (৩০) এবং বড়গারা তেলিগাতী গ্রামের মৃত রেজাউল হকের ছেলে মো. মাজেদুল হক (৩৫)।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ১৮ মিনিটে নেত্রকোণা পুলিশ মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের কথা জানায়।
মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গোপন খবর পেয়ে গত বুধবার বিকেল ৪টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের সাকুয়া উত্তর পাড়া এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। সেখান থেকেই চারজনকে আটক করা হয় এবং তাঁদের কাছে পাওয়া যায় ৫০ হাজার ৪০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট।
ডিজিটাল পাল্লায় মেপে দেখা যায়, উদ্ধার হওয়া ট্যাবলেটের মোট ওজন ৪০ দশমিক ৩২ কেজি। প্রতিটি ২০০ টাকা ধরে ৫০ হাজার ৪০০ পিসের আনুমানিক দাম দাঁড়ায় এক কোটি আট হাজার টাকা (১,০০,৮০,০০০ টাকা)।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোণা মডেল থানায় মামলা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল খায়ের বাসসকে জানান, মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।