২০ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

মতপার্থক্য সামলেই চীনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে অস্ট্রেলিয়া, সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলবানিজ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২০-১১-২০২৬
মতপার্থক্য সামলেই চীনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাবে অস্ট্রেলিয়া, সি চিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর আলবানিজ ছবিঃ সংগৃহীত

নানা বিষয়ে মতভেদ থাকলেও চীনের সঙ্গে গঠনমূলক আলোচনা অব্যাহত রেখেছে অস্ট্রেলিয়া, আর দুই দেশের বিরোধপূর্ণ বিষয়গুলো কূটনৈতিক পথে সামলানো হচ্ছে। শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে বৈঠকে বসেন দুই নেতা। পরে আলবানিজ সাংবাদিকদের জানান, সম্পর্ক স্থিতিশীল করতে দুই দেশ দীর্ঘদিন ধরে কাজ করছে।

অস্ট্রেলিয়ার মোট রপ্তানি পণ্যের প্রায় এক-চতুর্থাংশের গন্তব্য চীন। দেশটির প্রধান রপ্তানি পণ্য আকরিক লোহার প্রায় ৭৫ শতাংশও যায় সেখানে।

অন্যদিকে চীনের দ্রুত সামরিক শক্তি বাড়ানোই অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগ। সে কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা আরও বাড়াচ্ছে আলবানিজ সরকার। জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রকে নিয়ে গঠিত নিরাপত্তা জোট ‘কোয়াড’-এর সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক রাখছে ক্যানবেরা।

সাংবাদিকদের আলবানিজ বলেন, ‘চীনের সঙ্গে অস্ট্রেলিয়ার গঠনমূলকভাবে যোগাযোগ অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ। আমাদের মতপার্থক্যগুলো সামাল দিতে হবে, তবে সেই মতপার্থক্য যেন দ্বিপক্ষীয় সম্পর্কের মূল পরিচয় হয়ে না দাঁড়ায়।’ তাঁর ভাষায়, ‘চীনে কী ঘটছে, তা অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার খবর অনুযায়ী, বৈঠকে সি চিনপিং বলেন, ‘বর্তমানে চীন-অস্ট্রেলিয়া সম্পর্ক স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা ক্রমেই গভীর হচ্ছে।’

শুক্রবার বেইজিংয়ে বার্ষিক বৈঠকে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আলোচনায় বসবেন আলবানিজ। দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের একটি গোলটেবিল বৈঠকেও তাঁরা অংশ নেবেন। সেখানে রিও টিন্টো ও বিএইচপির মতো বিশ্বের বড় খনি কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

আকরিক লোহা উৎপাদনে বিশ্বে শীর্ষে অস্ট্রেলিয়া। তবে গত সোমবার দেশটি উদ্বেগ জানিয়ে বলেছে, এই পণ্যের বাণিজ্য নিয়ন্ত্রণে চীনের পদক্ষেপে তাদের অর্থনীতির ক্ষতি হতে পারে।

ইস্পাত তৈরির কাঁচামাল আকরিক লোহা অস্ট্রেলীয় উৎপাদকদের কাছ থেকে কম দামে কিনতে চীন একটি কেন্দ্রীয় ক্রয় সংস্থা গড়েছে। অস্ট্রেলিয়ার আশঙ্কা, এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার বাণিজ্যে প্রভাব খাটানো এবং দাম কমিয়ে রাখার চেষ্টা করছে চীন।

২০২০ সালে রাজনৈতিক বিরোধ থেকে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও বড় টানাপোড়েন দেখা দিয়েছিল। কোভিড-১৯ মহামারির উৎপত্তি নিয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রায় ২০ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার (১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার) মূল্যের অস্ট্রেলীয় কয়লা, ওয়াইন ও কৃষিপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় চীন। পরে নিষেধাজ্ঞাগুলো উঠে গেলেও কিছু বিষয়ে দুই দেশের মতভেদ এখনো রয়ে গেছে।

বিশেষ করে গুরুত্বপূর্ণ খনিজ খাতে বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাইয়ে অস্ট্রেলিয়ার কড়া অবস্থান নিয়ে উত্তেজনা আছে। দেশটির উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরে চীনা কোম্পানির মালিকানাধীন অংশীদারত্ব বিক্রি করে দেওয়ার যে দাবি আলবানিজ তুলেছেন, সেটিও টানাপোড়েন জিইয়ে রেখেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ