০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মুমিনুলের বিদায়ে ভাঙলো ১০৫ রানের জুটি

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ১১-০৫-২০২৬
মুমিনুলের বিদায়ে ভাঙলো ১০৫ রানের জুটি ইনিংসের দ্বিতীয় ফিফটি মুমিনুলের।

প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩৮ ওভারে ১২৮/৩, লিড ১৫৫ (মুশফিক ০*, শান্ত ৫০*; মাহমুদুল ৫, সাদমান ১০, মুমিনুল ৫৬)

পাকিস্তান প্রথম ইনিংসে ১০০.৩ ওভারে ৩৮৬/১০ (আব্বাস ৬*; ইমাম ৪৫, আজান ১০৩, শান ৯, সৌদ ০, ফজল ৬০, রিজওয়ান ৫৯, সালমান ৫৮, নোমান ২, শাহীন ১৩, হাসান ৬)

বাংলাদেশ প্রথম ইনিংসে ১১৭.১ ওভারে ৪১৩/১০ (নাহিদ ৪*; মাহমুদুল ৮, সাদমান ১৩, শান্ত ১০১, মুমিনুল ৯১, লিটন ৩৩, মিরাজ ১০, তাইজুল ১৭, মুশফিক ৭১, এবাদত ০, তাসকিন ২৮)

দ্রুত দুই ওপেনারের বিদায়ের পর থেকে প্রতিরোধ গড়ে খেলেছেন অভিজ্ঞ মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। বৃষ্টি বিরতির পর লিড বাড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে জুটিও বড় করেন তারা। তাদের ব্যাটে লিড দেড়শও ছাড়ায়। এই সময়ে টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন মুমিনুল হক। সার্বিকভাবে এটি তার ২৬তম ফিফটি। একই পথ ধরে ফিফটি তুলে নেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শান্তও। বাংলাদেশ অধিনায়কের এটি ষষ্ঠ ফিফটি। শেষ বিকালে ১০৫ রানের এই তৃতীয় উইকেট জুটি ভেঙেছেন শাহীন আফ্রিদি। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৫৬ রানে আউট হয়েছেন মুমিনুল হক। তার ১২০ বলের ইনিংসে ছিল ৪টি চার।   

 

বৃষ্টি বিরতির পর শুরু হয়েছে শেষ সেশনের খেলা

বৃষ্টিতে ভেসে গেছে পুরো দ্বিতীয় সেশন। তৃতীয় সেশনের খেলাও শুরু হয়েছে দেরিতে বিকাল পৌনে ৪টায়। ফলে ম্যাচটা পৌনে ৬টা পর্যন্ত চলবে। আলো থাকলে খেলা চলতে পারে সোয়া ৬টা পর্যন্তও।   

মিরপুরে থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষা

লাঞ্চ বিরতির পর বৃষ্টিতে পুরো দ্বিতীয় সেশন ভেসে গেছে। মিরপুরে বৃষ্টি থামলেও মাঠ শুকানোর কাজ চলছে। এখন ম্যাচ শুরুর অপেক্ষা। ক্রিকইনফোর সর্বশেষ তথ্য অনুযায়ী খেলা শুরু হতে পারে পৌনে ৪টায়। 

লাঞ্চ বিরতির পর বৃষ্টিতে বন্ধ খেলা

লাঞ্চ বিরতির পর বৃষ্টির কারণে মিরপুরে নির্ধারিত সময়ে দ্বিতীয় সেশনের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। 

১২০ রানের লিড নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ

চতুর্থ দিনের প্রথম সেশনের প্রথম ঘণ্টায় দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। তার পর অবশ্য ইনিংসের নিয়ন্ত্রণ নেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। এই ম্যাচে দ্বিতীয় শক্ত জুটি গড়ে লাঞ্চ বিরতিতে গেছেন তারা। তাদের প্রতিরোধে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রানে প্রথম সেশন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড দাঁড়িয়ে ১২০ রানে। মুমিনুল হক ৩৭ রানে, নাজমুল হোসেন ৩৪ রানে ব্যাট করছেন।  

আগের দিন আলোর স্বল্পতায় আগেভাগে ম্যাচ শেষ হওয়ায় এদিন ১৫ মিনিট আগে শুরু হয় খেলা।   

এসেই সাদমানকে তুলে নিলেন হাসান আলী

মাহমুদুল হাসান জয়ের পর বেশিক্ষণ ক্রিজে প্রতিরোধ গড়তে পারেননি আরেক ওপেনার সাদমান ইসলামও। হাসান আলীর দিনের প্রথম ওভারের পঞ্চম বলেই ক্যাচ দিয়ে ১০ রানে ফিরেছেন। তার ২২ বলের ইনিংসে ছিল ২টি চার।

হাসান আলীর বাড়তি বাউন্স ভড়কে দেয় সাদমানকে। বল তার ব্যাটের উপরে লেগে চলে যায় সৌদ শাকিলের হাতে।   

চতুর্থ দিনের শুরুতে ফিরলেন মাহমুদুল

স্থায়ী হয়নি বাংলাদেশের ওপেনিং জুটি। চতুর্থ দিনে ৫.১ ওভারে আব্বাসের প্রথম বলেই লেগ বিফোরের শিকার হয়েছেন ওপেনার মাহমুদুল হাসান জয় (৫)। রিভিউ নিয়েও শেষ রক্ষা হয়নি। আম্পায়ার্স কলে কপাল পুড়েছে তার। বাংলাদেশ প্রথম উইকেট হারায় ১৫ রানে। 

বড় লক্ষ্যের আশায় চতুর্থ দিন শুরু করেছে বাংলাদেশ 

ঢাকা টেস্টে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনের শেষ বিকালে আলোর স্বল্পতায় বেশিক্ষণ ব্যাট করার সুযোগ পায়নি বাংলাদেশ। ১.৫ ওভারে ৭ রানে খেলা শেষ করেছিল। দ্বিতীয় ইনিংসে আজ চতুর্থ দিন তাই আগেভাগে শুরু হয়েছে খেলা। ৩৪ রানের লিড নিয়ে খেলা শুরু করেছেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। 

গতকাল মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট শিকারের দিনে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে তারা ২৭ রানে পিছিয়ে থেকে অলআউট হয়েছে।

পাকিস্তানের ইনিংসে বড় অবদান ছিল অভিষিক্ত আজান আওয়াইজের। সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। এছাড়া আবদুল্লাহ ফজল, সালমান আগা ও মোহাম্মদ রিজওয়ান হাফসেঞ্চুরিতে প্রতিরোধ গড়েন।

১০২ রানে মিরাজ নিয়েছেন সর্বোচ্চ ৫ উইকেট। দুটি করে নিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। 



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ