২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

​যে হাইকোর্টের রায়ের পর নতুন গতি পায় কোটা আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৬-০৬-২০২৬
​যে হাইকোর্টের রায়ের পর নতুন গতি পায় কোটা আন্দোলন শেখ হাসিনা। ফাইল ছবি

২০২৪ সালের ৫ জুন সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বহাল রেখে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তখন হয়তো কেউ ধারণা করতে পারেননি যে মাত্র দুই মাসের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন ঘটবে। পরবর্তী সময়ে বিশ্লেষকদের আলোচনায় কোটা-সংক্রান্ত ওই রায় এবং তা ঘিরে গড়ে ওঠা আন্দোলন দেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উঠে আসে।

রায় ঘোষণার দিন বিষয়টি খুব বেশি আলোচনার জন্ম দেয়নি। এমনকি সুপ্রিম কোর্ট বিটে দায়িত্ব পালনকারী অনেক সাংবাদিকও এটিকে তাৎক্ষণিকভাবে বড় কোনো সংবাদ হিসেবে দেখেননি। তবে রায়ের পর শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নতুন গতি লাভ করে।

শুক্রবার (৫ জুন) সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে হাইকোর্টের সেই রায় ঘোষণার দুই বছর পূর্ণ হয়েছে।

পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও রাজনৈতিক বিশ্লেষণে দেখা যায়, কোটা আন্দোলন ধীরে ধীরে একটি বৃহত্তর রাজনৈতিক ইস্যুতে রূপ নেয়। গত বছর বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন, ‘আমাদের কেউ ভাবেনি এই সহিংস আন্দোলন শেষ পর্যন্ত সরকার উৎখাতের দিকে গড়াবে।’

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। শুরুতে তৎকালীন সরকার আন্দোলনকে খুব বেশি গুরুত্ব দেয়নি। সে সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং আলোচিত বিভিন্ন ঘটনা জনপরিসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

তবে অল্প সময়ের মধ্যেই কোটা আন্দোলন দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনের ব্যাপ্তি বাড়তে থাকলে সরকার কঠোর অবস্থান নেয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করে।

পরদিন দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলন আরও বিস্তৃত ও তীব্র রূপ নেয় এবং সহিংসতার মাত্রা বাড়ার সঙ্গে প্রাণহানির ঘটনাও বৃদ্ধি পায়।

পরবর্তী সময়ে সৃষ্ট রাজনৈতিক সংকট ও গণআন্দোলনের প্রেক্ষাপটে দেশের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন ঘটে। ফলে ২০২৪ সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ