আহত সাংবাদিক হোসেন আলী বাবু
আব্দুল মালেক মিয়া, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি হোসাইন আলী বাবুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে।
শনিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
আহত হোসাইন আলী বাবু স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি। তিনি গাজীপুরে বসবাস করেন এবং শ্রীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত কবির হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত জুয়েল (২৮) নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে চান্দনা চৌরাস্তা এলাকায় ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন।
হোসাইন আলী বাবু জানান, সকালে অফিসের নির্ধারিত লাইভ সম্প্রচার শেষ করে তিনি ট্রাফিক পুলিশ বক্সে বসে সংবাদ সংক্রান্ত কাজ করছিলেন। এ সময় জুয়েল তার কাছে এসে নাম-পরিচয় জানতে চান এবং দাবি করেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে। বাবু এ ধরনের কোনো সংবাদ প্রকাশের কথা অস্বীকার করলে একপর্যায়ে জুয়েল হঠাৎ করে পুলিশ বক্সের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালান।
তিনি বলেন, “আমি ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ করেই কিছু বুঝে ওঠার আগেই সে আমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। বাইরে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য দ্রুত এসে আমাকে উদ্ধার করেন। তিনি না এলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারত।”
উদ্ধারকারী ট্রাফিক পুলিশ সদস্য তাজ উদ্দিন জানান, পুলিশ বক্সের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনে তিনি দ্রুত সেখানে যান। গিয়ে দেখেন এক যুবক সাংবাদিক হোসাইন আলী বাবুকে মারধর করছে। পরে তিনি হামলাকারীকে নিয়ন্ত্রণে এনে পরিস্থিতি স্বাভাবিক করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশীদ বলেন, “অভিযুক্ত জুয়েলকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে ভুয়া সংবাদ প্রকাশ করা হয়েছে। তবে সাংবাদিক ও অভিযুক্ত একে অপরকে চিনতেন না এবং তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের তথ্যও পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “অভিযুক্ত ব্যক্তি জিজ্ঞাসাবাদের সময় অসংলগ্ন বক্তব্য দিচ্ছিলেন। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”