• বিনোদন
  • নীল শাড়িতে হঠাৎ ভাইরাল, কে এই মারাঠি অভিনেত্রী গিরিজা ওক?

নীল শাড়িতে হঠাৎ ভাইরাল, কে এই মারাঠি অভিনেত্রী গিরিজা ওক?

বিনোদন ১ মিনিট পড়া
নীল শাড়িতে হঠাৎ ভাইরাল, কে এই মারাঠি অভিনেত্রী গিরিজা ওক?

দুই দশকের অভিজ্ঞ অভিনেত্রী গিরিজা ওক 'ব্লু শাড়িওয়ালি' নামে তোলপাড় ফেললেন নেটদুনিয়ায়; ভাইরাল হওয়ার কারণ পুরোনো এক মজার ভিডিও

বিনোদন ডেস্ক:

গত কয়েক দিনে সোশ্যাল মিডিয়ায় নীল শাড়ি পরিহিত এক নারীকে নিয়ে তোলপাড় চলছে। মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ‘এক্স’ (আগের টুইটার) জুড়ে তার ছবি, ভিডিও ক্লিপ ও মিমের বন্যা বইছে। হঠাৎ করেই লাইমলাইটে আসা এই অভিনেত্রীকে কেউ কেউ বলছেন ‘ইন্ডিয়ার সিডনি সুইনি’ আবার কেউ তুলনা করছেন কিংবদন্তী মনিকা বেলুচির সঙ্গে। সবার মনে এখন একটাই প্রশ্ন— কে এই হঠাৎ ভাইরাল হওয়া অভিনেত্রী?

তিনি হলেন মারাঠি ও হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ গিরিজা ওক গোড়বলে (Girija Oak Godbole)। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন এই শিল্পী, কিন্তু তিনি হঠাৎ ভাইরাল হয়েছেন তার একটি পুরোনো সাক্ষাৎকারের অংশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায়।

ভাইরাল হওয়ার কারণ

যে ভিডিওটি গিরিজাকে রাতারাতি আলোচনায় এনেছে, তাতে তিনি তার কলেজ জীবনের একটি মজার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি বলেন, “একবার আমাদের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ক্লাসে এসে প্রশ্ন করলেন— ‘হোয়াট আর বেবস (What are b*bes)?’ সবাই হতবাক হয়ে গেল! পরে অবশ্য বোঝা গেল, স্যার আসলে উচ্চারণ করতে চেয়েছিলেন ‘ওয়েভস (Waves)’, কিন্তু তার উচ্চারণের ত্রুটির কারণে সেটি শোনা গিয়েছিল ‘বেবস’!”

এই ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ার পর থেকেই গিরিজার ছবি ও ক্লিপে ভরে গেছে ‘এক্স’-এর টাইমলাইন। একদল নেটিজেন তার সৌন্দর্য ও অভিব্যক্তির প্রশংসা করছেন, অন্যদল আবার এই ঘটনাটি নিয়ে হাস্যরসাত্মক মিম তৈরি করছেন। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় 'ব্লু শাড়িওয়ালি' হিসেবেই বেশি পরিচিতি পেয়েছেন।

অভিনেত্রীর প্রতিক্রিয়া

হঠাৎ ভাইরাল হওয়া প্রসঙ্গে গিরিজা ওক একইসঙ্গে মুগ্ধতা ও মজার অনুভূতি প্রকাশ করেছেন। তিনি জানান, হঠাৎ করেই তার ফোনে কল ও মেসেজের বন্যা শুরু হয়। বন্ধুরা জানায়, ‘তুমি জানো, এক্স-এ কী চলছে?’ এরপরই তিনি দেখেন তার ছবিগুলো ভাইরাল হয়ে গেছে।

তবে কিছু নিম্নমানের পোস্টে তিনি কিছুটা হতাশও হয়েছেন। গিরিজার ভাষ্য, কিছু পেজ তার ছবি বিকৃতভাবে ব্যবহার করছে। তবে মারাঠি দর্শকরা পাশে দাঁড়িয়ে বলেছেন, “তোমরা এখন চিনলে কী হবে, আমরা তো অনেক বছর ধরে ওকে চিনি!” গিরিজা মনে করেন, এটি একটি ট্রেন্ড, যা আসবে এবং মিলিয়ে যাবে। তবে যদি এই সুযোগে কেউ তার আসল কাজ আবিষ্কার করে, তবে সেটাই হবে আনন্দের।

সংক্ষিপ্ত পরিচিতি ও কাজ

১৯৮৭ সালের ২৭ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম নেওয়া গিরিজা বিখ্যাত অভিনেতা গিরিশ ওক-এর কন্যা। মুম্বইয়ের ঠাকুর কলেজ অব সায়েন্স অ্যান্ড কমার্স থেকে বায়োটেকনোলজিতে স্নাতক শেষ করে তিনি থিয়েটারে যোগ দেন। মঞ্চ, টেলিভিশন ও সিনেমা— সব মাধ্যমেই তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন।

বলিউডে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আমির খান অভিনীত ‘তারে জমিন পর’, ‘শোর ইন দ্য সিটি’, এবং সর্বশেষ শাহরুখ খানের ব্লকবাস্টার হিট ‘জওয়ান’। ২০১১ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা সুহৃদ গোড়বোলেকে বিয়ে করেন।

পারিবারিক প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, “আমরা এমন পরিবারে বড় হয়েছি, যেখানে সবাই চলচ্চিত্রের সঙ্গে যুক্ত (বাবা অভিনেতা, স্বামী পরিচালক, শ্বশুর প্রযোজক)। তাই আমরা জানি, আলোচনায় থাকলে সমালোচনাও আসবে।”

গিরিজা ওক উপসংহারে বলেন, “ভাইরাল হওয়া নয়, আমার অভিনয়ই আমার আসল পরিচয়।”