• খেলা
  • কিংবদন্তির যোগ্য সম্মান: ক্যাম্প ন্যুতে অমর হচ্ছেন লিওনেল মেসি

কিংবদন্তির যোগ্য সম্মান: ক্যাম্প ন্যুতে অমর হচ্ছেন লিওনেল মেসি

খেলা ১ মিনিট পড়া
কিংবদন্তির যোগ্য সম্মান: ক্যাম্প ন্যুতে অমর হচ্ছেন লিওনেল মেসি

ইয়োহান ক্রুইফ, লাসলো কুবালাদের পাশে বসবে আর্জেন্টাইন মহাতারকার মূর্তি, বার্সেলোনা সভাপতির আনুষ্ঠানিক ঘোষণায় অবসান হলো সব জল্পনার।

যে মাঠকে নিজের ঘর বানিয়ে বিশ্বসেরা হয়েছেন, যে ক্লাবের জার্সিতে লিখেছেন অবিস্মরণীয় সব কীর্তির ইতিহাস, সেই ক্যাম্প ন্যুতে এবার চিরস্থায়ী আসন পেতে চলেছেন লিওনেল মেসি। বার্সেলোনার কিংবদন্তি এই মহাতারকার সম্মানে স্টেডিয়ামের বাইরে তার ভাস্কর্য নির্মাণের বিষয়টি অবশেষে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা। এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক কিংবদন্তিকে তার প্রাপ্য সম্মান জানাতে চলেছে কাতালান ক্লাবটি।

আবেগঘন প্রত্যাবর্তনের আবহেই ঘোষণা

এই ঘোষণাটি এমন এক সময়ে এলো, যখন লিওনেল মেসির ক্যাম্প ন্যূতে আকস্মিক প্রত্যাবর্তন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত বার্সেলোনার সমর্থকরা। আর্জেন্টিনা দলের অনুশীলনের সূত্রে স্পেনে থাকা মেসি গত রোববার (৯ নভেম্বর) রাতে হঠাৎ করেই গিয়েছিলেন তার পুরনো ঠিকানা ক্যাম্প ন্যূতে। ২০০৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কাটানো সেই প্রিয় মাঠের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছিলেন, "আশা করি একদিন আমি ফিরে আসতে পারব, শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, সেই সুযোগ তো আমি পাইনি।"

মেসির এই আবেগঘন পোস্টের পরেই বার্সেলোনা তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তার ছবি পোস্ট করে লেখে, "তোমার ঘরে তুমি সব সময়ই স্বাগত, লিও।" এই ঘটনার ঠিক তিন দিন পরই একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লাপোর্তার এই ঘোষণা মেসি ও বার্সেলোনার পুনর্মিলনের জল্পনাকে এক নতুন মাত্রা দিল।

কিংবদন্তিদের সারিতে মেসি

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তা বলেন, "ক্যাম্প ন্যুর বাইরে স্থাপনের জন্য আমরা মেসির ভাস্কর্যের নকশা তৈরির প্রক্রিয়া নিয়ে কাজ করছি।" তিনি আরও যোগ করেন, "অবশ্যই এই বিষয়ে মেসি ও তাঁর পরিবারের সম্মতি থাকতে হবে। চূড়ান্ত নকশা প্রস্তুত হলে আমরা তাদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাব। নতুন স্টেডিয়ামে বার্সার সব কিংবদন্তির মতো মেসিরও মূর্তি থাকলে বিষয়টি দারুণ হবে।"

ক্যাম্প ন্যুর বাইরে আগে থেকেই ক্লাবের দুই কিংবদন্তি লাসলো কুবালা এবং ইয়োহান ক্রুইফের মূর্তি রয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্লাবটির ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়ের নাম।

দেড় যুগেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে ২০২১ সালে আর্থিক জটিলতার কারণে অনেকটা অপ্রত্যাশিতভাবেই বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন মেসি। সে বছরই ক্লাবের বার্ষিক সাধারণ সভায় প্রথম ক্যাম্প ন্যুর বাইরে মেসির ভাস্কর্য স্থাপনের বিষয়টি আলোচনায় আসে। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর মেসি বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তবে মাঠের বাইরে থাকলেও বার্সেলোনার সঙ্গে তার আত্মিক সম্পর্ক যে অটুট, এই ভাস্কর্য নির্মাণ তারই প্রতীক হয়ে থাকবে।