টেলিভিশনের পর্দায় তাদের রসায়ন দর্শকদের মন জয় করেছে। কিন্তু ক্যামেরার পিছনে সেই রোমান্টিক জুটির সম্পর্কই এখন সাপে-নেউলে। জনপ্রিয় তারকা দিতিপ্রিয়া রায় এবং জিতু কামালের পেশাগত দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, তাদের অভিনীত জনপ্রিয় ধারাবাহিকটি মাঝপথেই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্টুডিও পাড়ার গুঞ্জন, দুজনের মতানৈক্য এবং ঝগড়ার কারণে শুটিং করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিতর্কের উৎস কী? সূত্রের খবর, এই বিবাদের মূলে রয়েছে দুটি প্রধান কারণ—শুটিং সেটে দেরিতে আসা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে নায়িকার আপত্তি। অভিযোগ, অভিনেতা জিতু কামাল সেটে পৌঁছানোর প্রায় ১৫ মিনিট পর নিয়মিত আসেন দিতিপ্রিয়া। দিনের পর দিন এই ঘটনা চলতে থাকায় সম্প্রতি মেজাজ হারান জিতু। ক্ষুব্ধ হয়ে তিনি সেট ছেড়ে বেরিয়েও যান। মনে করা হচ্ছে, এই ঘটনা দুই তারকার মধ্যে চলমান শীতল সম্পর্ককে নতুন করে উস্কে দিয়েছে।
অন্যদিকে, ইন্ডাস্ট্রির অন্দরের খবর, ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী রোমান্টিক বা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে আপত্তি জানাচ্ছেন দিতিপ্রিয়া। তার এই আপত্তির কারণে দৃশ্যগ্রহণ বারবার ব্যাহত হচ্ছে এবং শুটিং সেটে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে দিতিপ্রিয়া বা জিতু, কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।
মুখ খুললেন সহ-অভিনেতা ধারাবাহিকটিতে কিঙ্কর চরিত্রে অভিনয় করা অভ্রজিৎ চক্রবর্তী অবশ্য এই বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, দুজনের মধ্যে নতুন করে কোনো উত্তেজনা তিনি টের পাননি, কারণ তাদের দুজনের সঙ্গে তার শুটিংয়ের সময় সাধারণত এক থাকে না। ধারাবাহিক বন্ধ হওয়ার গুঞ্জন প্রসঙ্গে তার মন্তব্য বেশ কূটনৈতিক। তিনি বলেন, "দর্শক যতদিন চাইবেন, ধারাবাহিক চলবে। দর্শক আর দেখতে না চাইলে বন্ধ হয়ে যাবে। সবকিছুই দর্শকের ওপর নির্ভরশীল।"
এই প্রথম নয় তবে দিতিপ্রিয়া এবং জিতুর মধ্যে পেশাগত টানাপোড়েনের ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও তাদের মধ্যেকার শীতল সম্পর্ক প্রকাশ্যে এসেছিল। অতীতে সামাজিক মাধ্যমেও একে অপরকে উদ্দেশ্য করে প্রচ্ছন্ন পোস্ট করতে দেখা গিয়েছিল তাদের। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষকদের মতে আরও গুরুতর। অনেকেই মনে করছেন, প্রযোজনা সংস্থা যদি দ্রুত এই সমস্যার সমাধান করতে না পারে, তবে দুই তারকার ব্যক্তিগত সংঘাতের জেরে অচিরেই ইতি টানা হতে পারে জনপ্রিয় এই ধারাবাহিকটির গল্পে।