• বিনোদন
  • পুরোনো ভিডিও বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগী মিথিলা: 'বোকার মতো কাজটা করেছি'

পুরোনো ভিডিও বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগী মিথিলা: 'বোকার মতো কাজটা করেছি'

বিনোদন ১ মিনিট পড়া
পুরোনো ভিডিও বিতর্কে মিস ইউনিভার্স প্রতিযোগী মিথিলা: 'বোকার মতো কাজটা করেছি'

বিশ্বের মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা পুরোনো একটি বিতর্কিত ভিডিও নিয়ে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি লাইভে এসে তিনি ওই ঘটনাকে নিজের শৈশবের 'বোকার মতো কাজ' বলে অভিহিত করেছেন।

বিশ্বের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর দেশের পতাকা হাতে গত অক্টোবরের শেষ দিকে তিনি থাইল্যান্ডে মূল মঞ্চে উড়ে গিয়েছেন। তবে মূল প্রতিযোগিতায় নামার ঠিক আগে পুরোনো একটি ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই মডেল।

পুরোনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে সম্প্রতি এক ‘লাইভ’ সেশনে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত বলে জানান। লাইভে মিথিলা প্রথমে স্বীকার করেন যে ঘটনাটি বহু বছর আগের, প্রায় সাত থেকে আট বছর পুরোনো। তিনি দাবি করেন, যখন ঘটনাটি ঘটেছিল, তখন তারা সবাই ছোট ছিলেন এবং এটি একটি ‘প্র্যাঙ্ক’ হিসেবে দেখানো হয়েছিল।

বিতর্কিত ভিডিওটি নিয়ে তিনি বলেন, ‘আমি আপনাদের প্রথমে যেটা বলতে চাই, যখন ঘটনাটি ঘটেছিল, তখন আমরা ছোট ছিলাম। ওই ঘটনাটা যখন ভাইরাল হয়, একদল মানুষ বলে, আমি সেক্সুয়ালি তাকে হ্যারাস করেছি। তার আগে বলি, যে মানুষটা ওয়াশরুমে ছিল, সে কিন্তু আমাদের বন্ধু ছিল। আমরা জিনিসটাকে প্র্যাঙ্কের মতো করে দেখিয়েছিলাম।’ নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও বলেন, ‘আমি শুধু ওখানে ছিলাম, ওখানে আপনারা আমাকে দোষ দিতে পারেন না। আপনারা যেহেতু জিনিসটাকে এত বড় করেছেন। ফেসবুকে অনেকবার বলেছি, আমাকে দয়া করে ক্ষমা করে দিয়েন। আমি ছোট ছিলাম বুঝিনি, বোকার মতো কাজটা করেছি।’

মিথিলা নেটিজেনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা ৭-৮ বছরের পুরোনো ভিডিওতে আমাকে নিয়ে নেগেটিভ পাবলিসিটি করছেন। আমাকে নেগেটিভ পাবলিসিটি করলে (প্রতিযোগিতায়) জিততে পারব না, আমাকে জেতাবে না এরা।’ তিনি তার দেশের মানুষকে পাশে চেয়েছেন এবং এই ধরনের নেতিবাচক প্রচার থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন, যা আন্তর্জাতিক মঞ্চে তার দেশের প্রতিনিধিত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

Tags: social media controversy bangladesh miss universe actress tanjia zaman mithila model