দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিবেক ওবেরয়। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে শেষবার প্রধান চরিত্রে দেখা যাওয়ার পর থেকে তার অভিনয় জীবন প্রায় অন্তরালেই ছিল। তবে আসন্ন ছবি ‘মস্তি ৪’-এর প্রচারকে কেন্দ্র করে ফের একবার আলোচনার আলোয় ফিরে এসেছেন তিনি। কিন্তু এই প্রত্যাবর্তন নতুন আলোচনার চেয়ে জন্ম দিয়েছে তীব্র বিতর্কের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তারকাদের খ্যাতি ও দর্শকদের ভালোবাসার স্থায়িত্ব নিয়ে এক দার্শনিক মন্তব্য করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেছেন, যা সরাসরি বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের অনুরাগীদের ক্ষুব্ধ করেছে।
বিতর্কের কেন্দ্রে বিবেকের মন্তব্য
সিনেমার প্রচারণার জন্য দেওয়া এক সাক্ষাৎকারে বিবেক ওবেরয় খ্যাতি কতটা ক্ষণস্থায়ী, তা বোঝাতে গিয়ে বলেন, “১৯৬০ সালে কোন তারকা কোন সিনেমায় কাজ করেছিলেন, তা এখন আর কেউ মনে রাখে না। একইভাবে, ২০৫০ সাল নাগাদ হয়তো মানুষ প্রশ্ন করবে—কে শাহরুখ খান?” তার এই মন্তব্য এখানেই থেমে থাকেনি। বলিউডের কিংবদন্তি শো-ম্যান রাজ কাপুরের উদাহরণ টেনে তিনি আরও যোগ করেন, “এই প্রজন্মের দর্শকরা রণবীর কাপুরকে চেনেন, কিন্তু অনেকেই জানেন না যে তিনি আসলে রাজ কাপুরের নাতি। ইতিহাস এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুকে বিলীন করে দেয়।”
পাল্টা জবাব: শাহরুখের ঐতিহাসিক প্রত্যাবর্তন ও বক্স অফিস দাপট বিবেকের এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন শাহরুখ খান তার কেরিয়ারের অন্যতম সেরা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। শাহরুখ অনুরাগীরা এবং প্রেমীরা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে বিবেকের নিজের কেরিয়ারের উত্থান-পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। সমালোচকদের মতে, যে সময়ে এই মন্তব্য করা হয়েছে, তা অত্যন্ত অযৌক্তিক।
বিশেষ করে ২০২৩ সালে শাহরুখ খানের ঐতিহাসিক ‘কামব্যাক’ বলিউডকে এক নতুন দিশা দেখিয়েছিল। দীর্ঘ চার বছরের বিরতির পর ‘পাঠান’ এবং ‘জওয়ান’-এর মাধ্যমে তিনি বক্স অফিসে যে অভূতপূর্ব সাফল্য এনেছেন, তা এককথায় অবিশ্বাস্য। এই দুটি সিনেমার সম্মিলিত ব্যবসা বিশ্বজুড়ে প্রায় ২৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছিল। ‘পাঠান’ বিশ্বব্যাপী ১০৫০ কোটি রুপির বেশি ব্যবসা করে, আর ‘জওয়ান’ সেই রেকর্ড ভেঙে ১১০০ কোটি রুপির বেশি আয় করে। কোভিড-পরবর্তী সময়ে ধুঁকতে থাকা বলিউডকে কার্যত একাই পুনরুজ্জীবিত করেছেন কিং খান, এমনটাই মনে করেন বাণিজ্য বিশেষজ্ঞরা।
সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়
বিবেকের মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। শাহরুখ খানের অগণিত অনুরাগী বিবেকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। অনেকেই বলেন, তিন দশকের বেশি সময় ধরে যিনি শুধু ‘কিং খান’ বা ‘বাদশা’ নন, বরং বহু মানুষের কাছে একজন আদর্শ এবং অনুপ্রেরণার নাম, তার তারকাখ্যাতি নিয়ে প্রশ্ন তোলাটা বিবেকের অপরিণত চিন্তারই পরিচায়ক।
একজন ব্যবহারকারী লেখেন, “যে অভিনেতা নিজের কেরিয়ার ধরে রাখতে পারেননি, তিনি শাহরুখ খানের লেগাসি নিয়ে প্রশ্ন তুলছেন, এটা হাস্যকর।” আরেকজন মন্তব্য করেন, “বিবেক ওবেরয়ের এই মন্তব্য প্রমাণ করে যে তার নামে ‘বিবেক’ থাকলেও কথায় তার ছিটেফোঁটাও নেই।” বহু মানুষ শাহরুখের সমাজসেবামূলক কাজকর্মের কথা উল্লেখ করে বলেন, তিনি শুধু একজন সুপারস্টার নন, বরং একজন আইকন, যাকে আগামী প্রজন্মও মনে রাখতে বাধ্য।
দীর্ঘদিন ধরেই বিবেক ওবেরয়ের কেরিয়ার বলিউডে স্থিতিশীল নয়। অন্যদিকে, শাহরুখ খান তার সাম্প্রতিক সাফল্যের মাধ্যমে প্রমাণ করেছেন, সঠিক প্রত্যাবর্তন হলে ‘বাদশা’-র সিংহাসন অটুট থাকে। এমন পরিস্থিতিতে তারকার খ্যাতির স্থায়িত্ব নিয়ে বিবেকের এই মন্তব্য তাকে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।