• জাতীয়
  • সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার

সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার

জাতীয় ১ মিনিট পড়া
সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত আলাপ খালেদা জিয়ার

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

আজ শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি রওনা হয়ে সাড়ে ৪টার পর সেনাকুঞ্জে পৌঁছান। সেনাকুঞ্জে পৌঁছার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্তে কয়েক মিনিট কথা বলেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। বৈঠকে ঠিক কী নিয়ে কথা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই দুই শীর্ষ ব্যক্তির একান্ত সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। সেনাকুঞ্জে পৌঁছলে বিএনপি চেয়ারপারসনকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ জামান ও বিমান বাহিনী প্রধান। গত বছরও সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যোগ দিয়েছিলেন।

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা নিয়েছে।

Tags: সেনাকুঞ্ খালেদা জিয়া শায়রুল কবির খান