• দেশজুড়ে
  • বাবা-ছেলে নিহত, ২ মেয়ে হাসপাতালে

বাবা-ছেলে নিহত, ২ মেয়ে হাসপাতালে

ভূমিকম্পে দৌড়ে বাসা থেকে বের হওয়ার সময় দেয়াল ধসে বাবা-ছেলে নিহত

দেশজুড়ে ১ মিনিট পড়া
 বাবা-ছেলে নিহত, ২ মেয়ে হাসপাতালে

নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে দেয়াল চাপায় বাবা-ছেলের নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরো দুইজন আহত হয়েছে।

আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদীর গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) ও তাঁর ছেলে হাফেজ মো. ওমর (১০)। আহতরা হলেন নিহত দেলোয়ারের হোসেনের মেয়ে ঊষা (১৭) ও তুৎফা (১৪)। তারা সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। উজ্জ্বল মিয়া চাকরির সুবাদে নরসিংদীতে সপরিবারে বসবাস করতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেন নরসিংদীতে একটি জুট মিলে চাকরি করতেন। দুই-তিন বছর আগে পরিবারের সদস্যদের নিয়ে সেখানে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। সাপ্তাহিক ছুটি থাকায় শুক্রবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে বাসায় ছিলেন তিনি। সকাল ১০টা ৩৮মিনিটে ভূমিকম্প শুরু হলে দৌড়ে বাসা থেকে বের হওয়ার সময় বাসার নির্মানাধীন তিনতলা ইউনিটের একটি দেওয়াল ধসে পড়ে তাদের উপর। এতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন উজ্জ্বল, ছেলে মো. ওমর, মেয়ে ঊষা ও তুৎফা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমরকে মৃত ঘোষণা করেন। দেলোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মেয়ে ঊষা ও তুৎফা নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতের চাচাতো ভাই উপজেলার হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন বলেন, একই পরিবারের দুইজনের মৃত্যু ও দুইজনের আহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করছি।

Tags: নিহত হাসপাতাল চিকিৎসক