আজ বুধবার (৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষকদল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান অসুস্থতার জন্য দায়ী শেখ হাসিনা।
তিনি বলেন, যিনি নিজের মাটি, দেশ, জনগণ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে কখনো আপোষ করেননি, তার প্রতি জনগণের ভালোবাসা থাকবেই। সেটিই এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
রিজভী আরও বলেন, কখনো কখনো অন্যায় আবদারের মুখোমুখি হয়েও দেশের স্বার্থে তা মেনে নিয়েছেন বেগম জিয়া। ‘কোনো মানুষ যেন হত্যা না হয়’ এ কারণে ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে সরকার গঠন করেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন তিনি।
অথচ, যারা সেই সময় হত্যাযজ্ঞ চালিয়ে তত্ত্বাবধায়ক দাবি তুলেছিল, পরে ক্ষমতায় এসে নিজেরাই তা বাতিল করেছে। জনগণের ওপর আস্থা না রেখে নিজের ইচ্ছামতো দেশ চালিয়েছে শেখ হাসিনা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিএনপির চেয়ারপারসনকে মিথ্যা মামলায় কারাবন্দী করেছিল।
কৃষক দলের দোয়া অনুষ্ঠানে রিজভী আরও বলেন, দেশের কোটি কোটি মানুষের দোয়ায় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আবারও জনগণের মাঝে ফিরে আসবেন।
সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করার কারণেই বেগম জিয়া জনগণের ভালোবাসা পেয়েছেন। শুধু বিএনপি বা এর অঙ্গ ও সহযোগী সংগঠন নয়, পুরো জাতিই আজ তার সুস্থতার জন্য দোয়া ও প্রার্থনা করছেন।
বিএনপির এ জ্যেষ্ঠ নেতা ‘জনগণকে কষ্ট দেয় এমন কোনো কিছু না করা ও জনস্বার্থে কাজ করতে’ অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সয়াবিন তেলের বর্ধিত মূল্যও প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন তিনি।