দীর্ঘদিনের কলহ, পরকীয়ার অভিযোগ এবং আদালতের দোরগোড়ায় ছোটাছুটির মতো তিক্ততা পেরিয়ে অবশেষে স্বামী অরিন্দম চক্রবর্তীর (Arindam Chakraborty) কাছে ফিরলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলী (Riya Ganguly)। এক বিস্ময়কর মুহূর্তে সব ভুল স্বীকার করে অরিন্দমকে জড়িয়ে ধরেছেন এই অভিনেত্রী। যে সম্পর্কে ভাঙনের সুর চূড়ান্তভাবে বেজে উঠেছিল, বছর শেষের আগেই সেখানে বাজল এক মিষ্টি পুনর্মিলনের সুর।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রী রিয়া গাঙ্গুলী এই কঠিন সময়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।
প্রকাশ্যেই ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা
তিক্ততা প্রকাশ্যে আসার কারণ ব্যাখ্যা করে রিয়া বলেন, "যেটা আমরা চার দেয়ালের ভেতরে মিটিয়ে নিতে পারতাম সেটাকে লোকের সামনে নিয়ে আসি। একে অপরকে অসম্মান করেছি। যদিও এ সবের ভুলের দায়ভার আমি নিচ্ছি।"
তিনি আরও বলেন, এই ভুলের কারণেই তাঁদের সম্পর্কের মাঝে ফাঁকা জায়গা তৈরি হয়েছিল, যার সুযোগ অন্য মানুষ নিয়েছে। কঠিন সময়েও শ্বশুরবাড়ির মানুষ তাঁকে বুকে টেনে নিয়েছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেত্রী।
স্বামী-স্ত্রী নয়, বন্ধু হয়ে পাশে থাকার অঙ্গীকার
রিয়া জানান, তিনি ও অরিন্দম দু'জনেই এই পরিস্থিতিতে মানসিকভাবে আহত। এই সময় থেকে উত্তরণের জন্য তাঁরা এক নতুন সম্পর্কের অঙ্গীকার করেছেন। তিনি বলেন, "এ রকম একটা সময়ে স্বামী-স্ত্রী হিসেবে নয়, বরং বন্ধু হয়ে আমরা একে অপরের ঘা শুকাতে সাহায্য করব। আর অরিন্দম বরাবরই সংসার করতেই চেয়েছিল।"
অভিনেত্রী মনে করেন, মানুষ মাত্রেই ভুল হয়, তবে সেটা শুধরে নিতে হয়। তিনি স্বীকার করেন, তাঁর যেমন সব ভালো নয়, তেমনই তাঁর স্বামীর সব ভালো—তাও নয়। ভুল বোঝাবুঝির পর উভয়েরই পারিবারিক বন্ধনের গুরুত্ব অনুধাবন হয়েছে।
অন্যের সংসার ভাঙা নয়, নিজের পরিবার রক্ষা
অন্য কারও সংসার ভাঙছেন না—এই বিষয়টি স্পষ্ট করে রিয়া বলেন, "আমি অন্য কারও সংসার ভাঙছি না। নিজের স্বামীর সঙ্গেই থাকছি। আমার স্বামীও অন্য কোনও নারীকে বাড়িতে তোলেনি। দু'জনেই সংসারটা করতে চাই বলেই এটা সম্ভব।" উভয়ের এই উপলব্ধি এবং পরিবারের প্রতি দায়বদ্ধতাই তাঁদের পুনর্মিলনের মূল কারণ বলে মনে করছেন টলিউডের সংশ্লিষ্টরা। তাঁদের এই অপ্রত্যাশিত পুনর্মিলন বিনোদন জগতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।