হানিমুন শেষে দেশে ফেরা রাজ-সামান্থা
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটিজেনদের সমালোচনাকে পাত্তা না দিয়ে বিয়ের দু'দিন পরই হানিমুনের জন্য উড়ে গিয়েছিলেন রাজ নিদিমরু এবং সামান্থা রুথ প্রভু। সম্প্রতি সেখান থেকে ফিরেই হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন এই তারকা জুটি। নতুন দাম্পত্য জীবনের প্রথম প্রকাশ্যে আসাকে ঘিরে ভক্তমহলে কৌতূহল ছিল তুঙ্গে।
বিমানবন্দরে খুনসুটিতে মজে নবদম্পতি
নবদম্পতি হিসেবে ঝলমলে পোশাকের চমক না থাকলেও, রং মিলিয়ে জিনস, টি-শার্ট আর ট্রাউজার-জ্যাকেটে ক্যামেরাবন্দি হন রাজ ও সামান্থা। বিয়ের পর এই প্রথমবার তারকাদম্পতিকে একসঙ্গে পেয়ে ছবিশিকারিরা লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। ছবিতে দেখা যায়, তারা একে অপরের সঙ্গে কথায় ও খুনসুটিতে মজে ছিলেন। প্রকাশিত সেই ভিডিও দেখে রাজ-সামান্থার জন্য খুশি তাদের অনুরাগীরাও।
নতুন জীবনের শুরু, ভক্তদের উল্লাস
উল্লেখ্য, ২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগতজীবনে চার বছর বহু ঝড়ঝাপটা সামলেছেন অভিনেত্রী। রোগভোগের কারণে একাধিক কাজও হাতছাড়া হয়েছিল তার। তবে সেই কঠিন অধ্যায় কাটিয়ে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ 'ফ্যামিলি ম্যান' ওয়েব সিরিজের পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সামান্থা। এবার নবদম্পতিকে একফ্রেমে দেখেই ভক্তমহলে আনন্দের ঢেউ সৃষ্টি হয়েছে।
সামান্থার সাম্প্রতিক কাজ
অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত 'কুশি' সিনেমায় দেখা যায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন শিভা নির্ভানা। এ ছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ 'সিটাডেল: হানিবানি'-তেও দেখা যায় তাকে, যেখানে তার বিপরীতে অভিনয় করেন বরুণ ধাওয়ান।