• জাতীয়
  • ভোটের মাঠে ‘বন্ধু সেজে’ পাশে দাঁড়ানোদের বিষয়ে সতর্ক করল ইসি

ভোটের মাঠে ‘বন্ধু সেজে’ পাশে দাঁড়ানোদের বিষয়ে সতর্ক করল ইসি

জাতীয় ১ মিনিট পড়া
ভোটের মাঠে ‘বন্ধু সেজে’ পাশে দাঁড়ানোদের বিষয়ে সতর্ক করল ইসি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভায় বসে নির্বাচন কমিশন (ইসি) শান্তিপূর্ণ ভোটের ছক কষার চেষ্টা করেছে।

ভোটের পরিবেশ যেন সহনীয় থাকে, নিয়ন্ত্রণে থাকে- শুরু থেকেই এমন প্রত্যাশার কথা বলে আসছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনকারী সংস্থাটির এমন চাওয়া কী শেষ পর্যন্ত পূরণ হবে?

তফসিল ঘোষণার পর রোববার প্রথম কার্যদিবসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সভায় বসে নির্বাচন কমিশন (ইসি) শান্তিপূর্ণ ভোটের সেই ছক কষার চেষ্টাই করেছে। একই সঙ্গে তফসিল হতে না হতেই সম্ভাব্য এক প্রার্থীকে গুলির ঘটনায় রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরির প্রেক্ষাপটে দলগুলো ও প্রার্থীদের ‘বন্ধু সেজে’ অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে।

সহযোগী সেজে পাশেই ‘নাশকতা বা অনুপ্রবেশকারীদের’ থাকার আশঙ্কার কথা বৈঠকে আলোচনার কথা তুলে ধরেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেছেন, “একটি কথা বলা দরকার- যে বা যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন আমাদের বন্ধু সেজে, তাদের ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। বিশেষ করে রাজনৈতিক দল, ব্যক্তি যারা আছেন এখন মাঠে।”

সম্ভাব্য এক প্রার্থীকে একটি গুলির ঘটনাকে ঘিরে দেশজুড়ে শোরগোল আর গুজবের ডালপালা ছড়ানোর মধ্যেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এ বৈঠকে ভোটারদের মনে ভয় দূর করার সম্ভাব্য সব দিক যেমন খতিয়ে দেখা হয়েছে, তেমনি প্রার্থীদের নিরাপদ রাখার বিষয়েও চূলচেরা বিশ্লেষণ করা হয়েছে।

তবে মাঠেঘাটে ভোটের হাঁকডাক শুরুর পর সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মধ্যে টুকটাক টক্করের সময়ই এসব কাজ যে সহজ হবে না সেই বার্তাই মিলছিল। সঙ্গে ছিল নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা।

এর মধ্যে অশনি সংকেত হয়ে দেখা দেয় ইনকিলাব মঞ্চের আহ্ববায়ক শরীফ ওসমান বিন হাদিকে গুলির ঘটনা।

তফসিল ঘোষণার পরদিনই রাজধানীতে শুক্রবার দিনের বেলা প্রকাশ্যে সম্ভাব্য এক প্রার্থীকে গুলির ঘটনা যেন খোদ প্রধান নির্বাচন কমিশনারের কাছে ছিল মাথায় ‘বাজ পড়ার মত’।

রাজনীতিতে এ নিয়ে নানামুখী আলোচনার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথাযথ পদক্ষেপের সঙ্গে শুধু তাদের ওপর নির্ভর না করে নিজেদের চারপাশে, নিজ দলের মধ্যেও কড়া নজরদারির তাগিদ এসেছে কমিশনের তরফে।

‘গুপ্ত’ হামলার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন ভবনে এদিন ইসির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির এ বৈঠকে বিভিন্ন বাহিনীর প্রধানরা অংশ নেন।

বৈঠকে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা এলে সরকারের পদক্ষেপও কঠোর থাকবে। রাজনৈতিক দলগুলোও ঐক্যবদ্ধ থাকায় জোর দিয়েছে। চোরাগোপ্তা হামলার শঙ্কা ও ভোট বানচালের মত পরিস্থিতি ঠেকাতে ইসিও কঠোর অবস্থান নিতে বলেছে।

নির্বাচনকে সামনে রেখে কিছু ঘটনা ঘটলেও কোনোভাবেই যাতে তা নিয়ন্ত্রণের বাইরে যেন না যায় সে বিষয়ে সতর্ক করে দিয়েছে ইসি।

সার্বিকভাবে এখন থেকে নির্বাচনি পরিবেশ যেন সহনীয় থাকে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মনে করেন, নির্বাচনের সময় নির্বাচনকে সামনে রেখে কিছু ঘটনা তো ঘটেই থাকে। কিন্তু সেগুলো যেন কখনই নিয়ন্ত্রণের বাইরে না যায়।

Tags: ইসি সতর্ক ভোটের মাঠে ‘বন্ধু সেজে’ পাশে দাঁড়ানো বিষয়ে