একসময় মনে হচ্ছিল যেন বলিউড অভিনেতা রণবীর সিংয়ের বক্স অফিসের তীর বারবার লক্ষ্যভ্রষ্ট হচ্ছে। বড় তারকাদের সমাবেশ এবং চমৎকার গল্প নিয়েও সাফল্যের মুখ দেখছিল না তাঁর সিনেমাগুলো। এর ফলে চারদিকে সমালোচনা ও কটাক্ষের শিকার হয়ে অভিনেতা এক প্রকার চাপের পাহাড়ে দাঁড়িয়েছিলেন। আর ঠিক তখনই বাজিমাত! সব হতাশার অধ্যায় পেরিয়ে এবার 'ধুরন্ধর'-এর হাত ধরে বক্স অফিসে ঐতিহাসিক সাফল্য পেলেন তিনি। সিনেমাটি মুক্তির পর একের পর এক রেকর্ড ভেঙে ৫০০ কোটির গণ্ডি পেরিয়েছে।
'ধুরন্ধর'-এর বিশ্বব্যাপী কালেকশন
ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, 'ধুরন্ধর'-এর বক্স অফিস যাত্রা শুরু থেকেই ছিল অসাধারণ। মুক্তির প্রথম দিন থেকেই সিনেমাটি বড় অঙ্কের আয় করতে শুরু করে। প্রথম দিনে ২৪ কোটি রুপি আয় করলেও পরের দিনগুলোতে তা দ্রুত বাড়তে থাকে। প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৪ কোটি রুপি, দ্বিতীয় দিনে ৩০ কোটি রুপি (নিট), এবং দশম দিনে ৫৭ কোটি রুপি। প্রাপ্ত তথ্য অনুসারে, মাত্র ১১ দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫৩২.৮১ কোটি রুপি (গ্রস), যা বাংলাদেশি মুদ্রায় ৭১৫ কোটি ২৭ লাখ টাকার সমতুল্য।
তবে স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, 'ধুরন্ধর'-এর আয় আরও বেশি। মুক্তির ১১ দিনে শুধু ভারতেই সিনেমাটির গ্রস আয় ৪৫৭.৫ কোটি রুপি। বিশ্বব্যাপী মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৮৯ কোটি ৩৬ লাখ টাকা।
প্রথম দিনের আয়ে চতুর্থ
চলতি বছরে এ পর্যন্ত বলিউডের প্রায় ৫০টি সিনেমা মুক্তি পেয়েছে। এর মধ্যে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার তালিকায় রণবীরের 'ধুরন্ধর' চতুর্থ অবস্থানে রয়েছে। প্রথম দিনে ২৪ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এ তালিকার শীর্ষে রয়েছে 'ছাবা' (২৯ কোটি রুপি)।
'ভাগ্যের সুন্দর নিয়ম' নিয়ে রণবীরের বার্তা
এমন আকাশছোঁয়া সাফল্যের পরে রণবীর সিং তাঁর উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি বার্তা পোস্ট করেছেন। নেটিজেনদের উদ্দেশ্যে তিনি লিখেছেন, “ভাগ্যের খুব সুন্দর একটা নিয়ম রয়েছে, সময়মতো ঠিক বদলে যায়। কিন্তু বর্তমানে শুধু ধৈর্য আর অপেক্ষাই সঙ্গী।” এই পোস্টের মাধ্যমে তাঁর কঠিন সময়ে ধৈর্য ধরে থাকার ইঙ্গিতই স্পষ্ট।
তারকাখচিত কাস্ট
সিনেমাটির প্রধান চরিত্রে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতারা। 'ধুরন্ধর' সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুনসহ আরও অনেকে।