সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে ফ্লাইটটি সিলেটে প্রথম অবতরণ সকাল ৯টা ৫৫ মিনিটে হবে। সিলেটে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমান সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
শেষপর্যায়ে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১১টা ৪৫ মিনিটে অবতরণ করবে। বিমান সূত্রে জানা গেছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে পরিচালিত হচ্ছে। রুটটি লন্ডন হিথ্রো-সিলেট-টু-ঢাকা এবং উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তারেক রহমান উড়োজাহাজের এ-১ সিটে অবস্থান করছেন।
দেশে আসার জন্য বাংলাদেশ সময় রাত ৮টার পর লন্ডনের বাসা থেকে পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। রাত সোয়া ১০টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। তারেক রহমান বিমানবন্দরে পৌঁছানোর আগে তার বিশেষ সহকারী আবদুর রহমান (সানি) এবং জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউরোপের সমন্বয়ক কামাল উদ্দিন বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লাগেজগুলো ‘চেক-ইন’ করান।