সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার নির্বাহী আদেশে দেশজুড়ে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এই ছুটি ঘোষণা করা হয়।
সাধারণ ছুটি কাদের জন্য? জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর (বুধবার) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পরিষেবা যা খোলা থাকবে তবে এই সাধারণ ছুটি জরুরি পরিষেবার আওতায় থাকা প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য প্রযোজ্য হবে না। জাতীয় স্বার্থে এবং জনজীবনের স্বাভাবিক গতি বজায় রাখতে এসব সেবা খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব প্রতিষ্ঠান ছুটির বাইরে থাকবে প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবার আওতাভুক্ত যেসব ক্ষেত্র এই ছুটির বাইরে থাকবে, সেগুলো হলো—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট ও ডাকসেবা। এ ছাড়া হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরাও এই ছুটির আওতামুক্ত থাকবেন। জরুরি দায়িত্বে নিয়োজিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই ছুটি প্রযোজ্য হবে না।