• রাজনীতি
  • খালেদা জিয়ার জানাজা, মেট্রোরেলে উপচেপড়া ভিড়

খালেদা জিয়ার জানাজা, মেট্রোরেলে উপচেপড়া ভিড়

রাজনীতি ১ মিনিট পড়া
খালেদা জিয়ার জানাজা, মেট্রোরেলে উপচেপড়া ভিড়

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আসা মানুষের চাপে বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর প্রতিটি মেট্রোরেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়।

প্রতিটি ট্রেনই ছিল কানায় কানায় পূর্ণ। ভিড়ের কারণে অনেক যাত্রীকে স্টেশনে দীর্ঘক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

বুধবার দুপুর তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেগম জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। এই বিশাল জানাজায় অংশ নিতে সকাল থেকেই রাজধানী ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষ মেট্রোরেলকে যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন।

সরেজমিন দেখা গেছে, বিশেষ করে সচিবালয়, শাহবাগ, ফার্মগেট এবং বিজয় সরণি স্টেশনে জনস্রোত নেমেছে। টিকিট কাউন্টার ও পাঞ্চিং গেটগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। যাত্রীরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। বিশেষ করে বিজয় সরণি ও ফার্মগেট স্টেশনে জানাজা শেষে ফেরার পথেও যাত্রীদের বিপুল সমাগম লক্ষ করা গেছে।

যাত্রীদের ব্যাপক চাপ ও জানাজাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই মেট্রোরেল স্টেশনগুলোতে বাড়তি তৎপরতা চালায় এমআরটি পুলিশ। এ বিষয়ে এমআরটি পুলিশের ডিআইজি সিদ্দিকী তাঞ্জিলুর রহমান জানান, যাত্রী সমাগম বৃদ্ধি পাওয়ায় সকাল ৯টা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিজয় সরণিসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে সিনিয়র কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ তদারকি ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, বিপুল সংখ্যক যাত্রীর টিকিট কাটা ও পাঞ্চিং প্রক্রিয়ায় কিছুটা সময় লাগার কারণে সাময়িক ভিড় সৃষ্টি হলেও সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিয়ন্ত্রণে ছিল। বিকাল পর্যন্ত এই নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে বলেও তিনি উল্লেখ করেন। উল্লেখ্য, আজ বাদ জোহর জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়।

Tags: খালেদা জিয়া জানাজা মেট্রোরেল উপচেপড়া ভিড়