• জাতীয়
  • নতুন বছরে নতুন স্বপ্নযাত্রা

নতুন বছরে নতুন স্বপ্নযাত্রা

বিদায় ২০২৫, স্বাগত ২০২৬

জাতীয় ১ মিনিট পড়া
নতুন বছরে নতুন স্বপ্নযাত্রা

মহাকালের আবর্তে বিলীন হয়ে গেছে খ্রিস্টীয় বছর ২০২৫। গতকাল বুধবার মধ্যরাতের পর থেকেই মানুষে মানুষে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরো জোরদার করার প্রত্যাশায় শুরু হয়েছে নতুন বছর ২০২৬। বাংলাদেশের জন্য বিদায়ি ও নতুন—দুটি বছরই গুরুত্বপূর্ণ। বছরটি শেষ হয়েছে দেশজুড়ে শোকের আবহে।

বছরের শেষ প্রান্তে দেশ হারিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার আগে দুর্বৃত্তদের গুলিতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি শাহাদাতবরণ করেন। এ ছাড়া দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁকে নজিরবিহীন নিরাপত্তায় ও ভালোবাসার জনসমুদ্রে বরণ করে নেওয়া হয়।

চব্বিশের জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুসারে গত বছর রাষ্ট্রের সংস্কার নিয়ে রাজনৈতিক অঙ্গন ছিল সরগরম। প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা নিয়ে সংশয়-সন্দেহের অবসান ঘটিয়ে গত ৫ আগস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন, ‘আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন হবে।’ সেই অনুসারে নতুন বছরের ১২ ফেব্রুয়ারি এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে সংবিধানসংশ্লিষ্ট সংস্কারে গণমত যাচাইয়ের গণভোট। গতকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেন, ‘নববর্ষ মানেই নতুন স্বপ্ন, নতুন আশা ও নতুন সম্ভাবনার সূচনা।

নতুনের এই আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে। সব গ্লানি ভুলে সুন্দর আগামীর পথচলার জন্য জোগায় নবোদ্যম ও অনুপ্রেরণা। নতুন বছরে আরো জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।’ একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমরা সবাই দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব—এমন আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ত্রুটিপূর্ণ রাষ্ট্রব্যবস্থাকে মেরামত করে গণতান্ত্রিক উত্তরণের পথে যে যাত্রা আমরা শুরু করেছি, নতুন বছরে একটি জাতীয় নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট আয়োজনের মধ্য দিয়ে তা পূর্ণতা পাবে বলে আমরা আশা করছি।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদ : ছাত্র-জনতার অভ্যুত্থানের বর্ষপূর্তির দিন গত ৫ আগস্ট জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’। গত ১৩ নভেম্বর ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই সংবিধান সংস্কার নিয়ে গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করা হয়। এতে বলা হয়, চারটি প্রস্তাবে ব্যালট পেপারে এই গণভোট অনুষ্ঠিত হবে। ভোট দিতে হবে ‘হ্যাঁ’ অথবা ‘না’ চিহ্নে। ‘হ্যাঁ’ ভোট বেশি হলে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিতদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে।

বছরজুড়ে আলোচনায় খালেদা জিয়া : গত ৭ জানুয়ারি রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন এবং চার মাস পর গত ৬ মে দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফেরেন। তাঁকে বিদায় ও অভ্যর্থনা জানাতে ব্যাপক জনসমাগমে তাঁর প্রতি দেশবাসীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রকাশ ঘটে। ২১ নভেম্বর অসুস্থ অবস্থায় সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতিও দিনটির অন্যতম আলোচনার বিষয় ছিল। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক—এই সংবাদ প্রচারিত হলে সারা দেশে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে প্রধান উপদেষ্টা বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তাঁর সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ গত ২ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার খালেদা জিয়াকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করে। ৩০ ডিসেম্বর সকালে দেশবাসীর কাছে তাঁর মৃত্যুর সংবাদ পৌঁছে যায়। বছরের শেষ দিন নজিরবিহীন জনসমুদ্র তাঁকে শেষবিদায় জানায়। পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড : গত ১৭ নভেম্বর জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক কোনো সরকারপ্রধানকে সাজা দেওয়ার নজির সৃষ্টি হয়। এ ছড়া গত ১ ডিসেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুদকের করা মামলায় শেখ হাসিনাকে পাঁচ বছর, তাঁর বোন শেখ রেহানাকে সাত বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এ ছাড়া শেখ রেহানার নামে বরাদ্দকৃত ১০ কাঠা প্লট বাতিলে রাজউককে নির্দেশ দেওয়া হয়। শেখ হাসিনার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা চলমান।

ভূমিকম্প আতঙ্ক : বিদায়ি বছরের ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে দেশের রাজধানী ঢাকার সন্নিকটে ৫.৪ প্রাবল্যের (রিখটার মাপনীতে ৫.৫ মাত্রার) একটি ভূমিকম্প আঘাত হানে। ভারতীয় ভূত্বকীয় (ভূ-গাঠনিক) পাতের অভ্যন্তরে স্বল্প গভীরতায় একটি বিলোম চ্যুতির কারণে এই ভূমিকম্প ঘটে এবং পরবর্তী এক সপ্তাহে দেশে সাতটি ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে দেশের ভেতরই পাঁচবার ভূমিকম্পের উৎপত্তি ছিল। চারটিরই উৎপত্তিস্থল নরসিংদী। ২১ নভেম্বরের মুল ভূমিকম্পের প্রভাবে দেশের বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল ধরার পাশাপাশি ভবন ও দেয়াল ধসে ১০ জনের মৃত্যু হয় । এটি ছিল বিগত দুই দশকের মধ্যে সংঘটিত সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

পররাষ্ট্রনীতি : পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ২০২৫ সালেও বাংলাদেশ-ভারত সম্পর্ক বেশ জটিল ছিল। বাংলাদেশ তার বৃহত্তম প্রতিবেশীর সঙ্গে একটি কার্যকর ও সহযোগিতামূলক সম্পর্কের ইচ্ছা পুনর্ব্যক্ত করলেও কিছু রাজনৈতিক বক্তব্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের আশঙ্কায় মাঝেমধ্যে উত্তেজনা দেখা দেয়। বছরের শুরুতে বাংলাদেশের কূটনৈতিক প্রচারণার কেন্দ্রে ছিল চীন। উচ্চ পর্যায়ের সফরগুলো বেইজিংকে ঢাকার অন্যতম ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করে। উভয় পক্ষই একটি ‘ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি’র প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এই বছরটি বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী হিসেবেও উদযাপিত হয়, যা বাণিজ্য, অবকাঠামো, স্বাস্থ্য, প্রযুক্তি ও আঞ্চলিক স্থিতিশীলতায় সহযোগিতার নতুন অঙ্গীকারে বিশেষ গুরুত্ব যোগ করে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে চলতি বছরে পরিমিত উষ্ণতা দেখা গেছে।

Tags: নতুন বছরে নতুন স্বপ্নযাত্রা