• বিনোদন
  • নতুন বছর ২০২৬: কাজল, কারিনা, আল্লু অর্জুনদের উষ্ণ শুভেচ্ছা ও অঙ্গীকার

নতুন বছর ২০২৬: কাজল, কারিনা, আল্লু অর্জুনদের উষ্ণ শুভেচ্ছা ও অঙ্গীকার

সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড ভরে উঠেছে হাসি, কৃতজ্ঞতা আর নতুন শুরুর অঙ্গীকারে। দক্ষিণী তারকা আল্লু অর্জুন, কমল হাসানের বার্তায় ছড়াল ইতিবাচকতার আলো।

বিনোদন ১ মিনিট পড়া
নতুন বছর ২০২৬: কাজল, কারিনা, আল্লু অর্জুনদের উষ্ণ শুভেচ্ছা ও অঙ্গীকার

পুরোনো বছর ২০২৫-কে বিদায় জানিয়ে বিশ্বজুড়ে যখন নতুন বছর ২০২৬-কে বরণ করে নেওয়া হচ্ছে, তখন রুপালি দুনিয়াও মেতে উঠেছে উৎসবে। বলিউড থেকে দক্ষিণী ইন্ডাস্ট্রি—সব তারকাই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উষ্ণ শুভেচ্ছা, উদ্‌যাপনের রঙিন মুহূর্ত আর গত বছরের মধুর স্মৃতি। কারিনা কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, কাজল, আল্লু অর্জুন, ও কমল হাসানের হৃদয়ছোঁয়া বার্তা যেন ২০২৬-এর শুরুতে এক আবেগ আর আনন্দের জোয়ার সৃষ্টি করেছে।

কাজল: জীবনের মূল্য ও অনিশ্চয়তা

স্বামী অজয় দেবগনের সঙ্গে নতুন বছরের উদ্‌যাপনের ছবি শেয়ার করে বলিউড অভিনেত্রী কাজল লিখেছেন, 'সবার জন্য শুভ নববর্ষ। গত বছর আমাদের যা দেখিয়েছে, তা হলো—জীবন খুবই মূল্যবান এবং অনিশ্চিত। তাই এমনভাবে বাঁচুন, যেন জীবনের সত্যিই কোনো অর্থ আছে।' জীবনবোধের এমন গভীর বার্তা দিয়ে তিনি ভক্তদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

কারিনা কাপুর: ভালোবাসা ও সাহসই শেষ কথা

নতুন বছরে কারিনা কাপুর স্বামী সাইফ আলি খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে দীর্ঘ একটি নোট লিখেছেন। তিনি স্মরণ করেছেন ২০২৫ সালের কঠিন সময়কে, বিশেষ করে সাইফকে ঘিরে ঘটে যাওয়া ছুরি হামলার ঘটনার কথা। তিনি লেখেন, '২০২৫ সাল আমাদের জন্য, আমাদের সন্তানদের জন্য এবং আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি বছর ছিল, তবুও আমরা মাথা উঁচু করে, হাসতে হাসতে আর একে অপরকে আঁকড়ে ধরে সেই সময় পার করেছি।' তিনি আরও বলেন, '২০২৫ আমাদের শিখিয়েছে মানুষের মন ভয়কে জয় করতে পারে, ভালোবাসাই শেষ পর্যন্ত সবকিছু জয় করে এবং শিশুরা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সাহসী।' ভক্ত, বন্ধু এবং সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি নতুন উদ্দীপনা ও ইতিবাচক মনোভাব নিয়ে ২০২৬ সালে পা রাখার ঘোষণা দেন।

সিদ্ধার্থ মালহোত্রা: জীবনের মোড় বদলে কৃতজ্ঞ

নতুন বছরে সিদ্ধার্থ মালহোত্রা ২০২৫ সালের কিছু মিষ্টি মুহূর্তের ঝলক শেয়ার করেছেন। তিনি লিখেছেন, 'শুটিং সেট আর বাড়ির মাঝামাঝি কোথাও গিয়ে জীবন যেন চিরদিনের জন্য বদলে গেছে আর তা আরও ভালোভাবে। জীবনে যুক্ত হয়েছে নতুন এক গভীরতা, নরম এক শক্তি।' তিনি এই বেড়ে ওঠা, অনুগ্রহ আর সিনেমার প্রতি নিজের আবেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পূর্ণ হৃদয়, আরও স্পষ্ট লক্ষ্য আর অফুরন্ত কৃতজ্ঞতা নিয়ে ২০২৬-এ পা রাখার বার্তা দিয়ে সবাইকে শুভ নববর্ষ জানান সিদ্ধার্থ।

আল্লু অর্জুন: ভক্তদের প্রতি অপার কৃতজ্ঞতা

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন নতুন বছরকে স্বাগত জানিয়ে ভক্তদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক উষ্ণ বার্তায় তিনি বলেন, বছরজুড়ে পাওয়া যাত্রা, শিক্ষা ও ভালোবাসার জন্য তিনি কৃতজ্ঞ। প্রতিটি পর্বে পাশে থাকার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়ে তিনি জানান, ভক্তদের বিশ্বাসই তাকে প্রতিদিন শক্তি ও লক্ষ্য জোগায়। সামনে আসা নতুন অধ্যায় শুরু করতে তিনি উদ্দীপনা ও আশাবাদ নিয়ে তাকিয়ে আছেন।

কমল হাসান: আরও ভালো মানুষ হওয়ার সুযোগ

কমল হাসান নতুন বছরে তাঁর সোশ্যাল হ্যান্ডেল এক্স-এ (সাবেক টুইটার) একটি প্রেরণামূলক বার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'আরেকটি নতুন বছর সামনে। আগের বছরের চেয়ে আরও ভালো, আরও সদয় ও আরও প্রজ্ঞাবান হয়ে ওঠার আরেকটি সুযোগ। উৎকর্ষতা হলো চলমান এক সাধনা। একটি উৎকৃষ্ট নতুন বছর কামনা করি। প্রতিটি আগামীর দিনই সুযোগে ভরা—তা কাজে লাগান। আপনার সব প্রচেষ্টা যেন আপনাকে সুখী করে তোলে।'

ঈশা দেওল: বাবার প্রতি শ্রদ্ধা

নতুন বছরে অভিনেত্রী ঈশা দেওল তাঁর পোস্টে বাবা ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়েছেন। তিনি দুটি ছবি শেয়ার করেছেন, যার দ্বিতীয়টিতে ঈশাকে আকাশের দিকে আঙুল তুলতে দেখা যায়, যেখানে ভেসে উঠেছে 'লাভ ইউ পাপা'। ক্যাপশনে ঈশা তাঁর বাবাকে 'সব সময় আশীর্বাদপুষ্ট, সুখী, সুস্থ ও শক্ত' থাকার শুভেচ্ছা জানান।

Tags: bollywood esha deol sidharth malhotra kareena kapoor new year 2026 kajal allu arjun kamal haasan celebrity wishes