• বিনোদন
  • মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

আইপিএলে কেকেআর-এর ৯ কোটি রুপিতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কেনা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সঙ্গীত সোম শাহরুখকে সরাসরি দেশদ্রোহী বলে হুঁশিয়ারি দিয়েছেন।

বিনোদন ১ মিনিট পড়া
মুস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

আইপিএলের মেগা নিলামে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ অন্তর্ভুক্তির জেরে নতুন রাজনৈতিক বিতর্ক। কেকেআর মালিক বলিউড বাদশা শাহরুখ খানকে ‘গাদ্দার’ বা দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের কট্টরপন্থি বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু তাই নয়, মুস্তাফিজ ভারতে গেলে তাকে বিমানবন্দর থেকে বের হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শাহরুখের ওপর ক্ষোভ ও ‘গাদ্দার’ সম্বোধন

আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স ৯ কোটি রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে নেয়। ভারতীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এই ঘটনার পরই শাহরুখ খানের ওপর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা সঙ্গীত সোম।

তিনি সরাসরি বলিউড বাদশাকে আক্রমণ করে বলেন, “মুস্তাফিজুর রহমানের মতো খেলোয়াড়রা যদি ভারতে খেলতে আসেন, তবে তারা বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না—এটা আমার প্রতিজ্ঞা। শাহরুখ খানের মতো গাদ্দারদের এই বার্তাটি ভালো করে বুঝে নেওয়া উচিত।”

এই অভিনেতা দেশের মানুষের ভালোবাসার কারণেই এই অবস্থানে পৌঁছেছেন উল্লেখ করে সঙ্গীত সোম আরও বলেন, “উনি আদতে দেশদ্রোহিতা করছেন।”

দেশবিরোধী আচরণের অভিযোগ

বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করেন, শাহরুখ খান ভারতের অর্থ ব্যবহার করে ভারতের স্বার্থবিরোধী কাজ করছেন। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “আপনি এই দেশ থেকে টাকা কামাচ্ছেন, আর সেই টাকা দিয়েই দেশদ্রোহী আচরণ করছেন। কখনো পাকিস্তানকে আর্থিক সহায়তা দেওয়ার কথা শোনা যায়, আবার কখনো মুস্তাফিজের মতো খেলোয়াড়দের কেনা হচ্ছে।”

এই ধরনের আচরণ আর বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, “দেশদ্রোহীদের জন্য এখানে কোনো জায়গা নেই।”

অতীত বিতর্ক ও ভবিষ্যৎ প্রশ্ন

উল্লেখ্য, এর আগেও একাধিকবার শাহরুখ খানের রাজনৈতিক অবস্থান ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক নিয়ে ভারতে বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে। তবে এবারের আইপিএল নিলাম এবং মুস্তাফিজকে দলে নেওয়ায় তাকে সরাসরি ‘গাদ্দার’ সম্বোধন পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

এই রাজনৈতিক হুমকির মুখে কেকেআর কর্তৃপক্ষ বা শাহরুখ খান কোনো প্রতিক্রিয়া জানান কি না, কিংবা মুস্তাফিজের আইপিএল যাত্রা কতটা মসৃণ হয়—এখন সেটাই দেখার বিষয়।

Tags: bollywood shah rukh khan ipl kkr mustafizur rahman bjp sangeet som