জামালপুর প্রতিনিধিঃ- জামালপুরে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের নিবাসী শিশুদের মাঝে সরকারি বরাদ্দের আওতায় তাদের পছন্দ অনুযায়ী শীতবস্ত্র বিতরণ করা হয়। শনিবার ৩ জানুয়ারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম। বিতরণ অনুষ্ঠানের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রোকোনুল ইসলাম। আলোচনায় অংশ নেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক নুরুল আলম প্রধান, কেন্দ্রের স্টিয়ারিং কমিটির সদস্য বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভার শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও তাঁর আত্মার শান্তি কামনা করা হয়। নিবাসীর শতাধীক ছেলে, মেয়ে শীতবস্ত্র গ্রহণ করে। নতুন পোষাক পেয়ে সবাই আনন্দ প্রকাশ করে।
অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আফসানা তাসলিম শিশুদের উদ্দেশ্যে বলেন তোমাদের পছন্দের প্রশংসা করতে হয়। আমরা আশা করি তোমরা ভালভাবে পড়ালেখা করে মানুষের মত মানুষ হবে । একদিন তোমরা এই নিবাস ছেড়ে চলে যাবে। শিক্ষা শেষ করে চাকরি করবে। একদিন তোমাদের নিজস্ব এবং নির্ভরযোগ্য একটি ঠিকানা হবে।
উল্লেখ জামালপুরে সমাজসেবা অধিদপ্তরের আওতায় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র বালক ও বালিকা আলাদা আলাদা নিবাস রয়েছে। সমাজের সুবিধাবঞ্চিত শিশুরা বিশেষ করে এতিম, হারিয়ে যাওয়া, পাচার হয়ে আসা শিশুরা এই কেন্দ্রে অবস্থান করে। এখানে তাদের মনোসামাজিক কাউন্সিলিং এর পাশাপাশি শিশুদের শিক্ষা, সংস্কৃতি ও ধর্মচর্চায় গুরুত্ব দেয়া হয়।