কক্সবাজারের উখিয়া, টেকনাফ আসনে (কক্সবাজার-৪) বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দেওয়ার ঘটনা সামনে এসেছে। হুমকির অংশ হিসেবে তাকে ডাকযোগে একটি চিঠির সঙ্গে সাদা কাফনের কাপড় পাঠানো হয়েছে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাত পরিচয় থেকে ডাক বিভাগের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে একটি সংগঠনের নাম ব্যবহার করা হয়—‘ব্যাটালিয়ন ৭১’। তবে সংগঠনটির অস্তিত্ব বা পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চিঠির ভাষা ছিল ভয়ভীতি ও হত্যার হুমকিতে পরিপূর্ণ। এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য শাহজাহান চৌধুরীকে সরাসরি নির্দেশ দেওয়া হয়। অন্যথায় শহীদ শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে উল্লেখ করা হয়। চিঠিতে আরও দাবি করা হয়, সংশ্লিষ্ট প্রার্থীকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে এবং ‘কিলিং স্কোয়াড’ প্রস্তুত রয়েছে এমন বক্তব্যও চিঠিতে স্থান পায়। হুমকির প্রতীক হিসেবে চিঠির সঙ্গে একটি টুকরো কাফনের কাপড় সংযুক্ত ছিল।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে শাহজাহান চৌধুরী বলেন, ডাকযোগে পাঠানো এই চিঠি তার হাতে পৌঁছেছে। তার মতে, এলাকায় সক্রিয় কিছু সন্ত্রাসী গোষ্ঠী এ ধরনের অপচেষ্টার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তিনি ব্যক্তিগতভাবে সতর্ক রয়েছেন। তিনি আরও বলেন, ভয় দেখিয়ে তাকে দুর্বল করার অপচেষ্টা চলছে। কিন্তু হুমকি দিয়ে তাকে আদর্শচ্যুত করা যাবে না। চাপ প্রয়োগ করে কিংবা ভয় দেখিয়ে রাজনৈতিক সিদ্ধান্ত বদলানো সম্ভব নয় বলেও তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন। মৃত্যুভয় দেখিয়ে রাজনীতি থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না এমন মনোভাবও ব্যক্ত করেন তিনি।
ঘটনার বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, বিএনপির প্রার্থীর পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করা হয়েছে। আবেদনটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। নির্বাচনের পরিবেশ ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।