বর্তমানে তাকে ভারতের কলকাতার বাইপাস সংলগ্ন অ্যাপোলো হাসপাতালে আইসিইউতে রেখে ভেন্টিলেশনে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক জটিল রোগে ভুগছিলেন ওবায়দুল কাদের।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তিনি বেশ কিছু দিন ধরে শয্যাশায়ী ছিলেন। কলকাতার নিউ টাউনে একটি ভাড়া বাসায় অক্সিজেন সাপোর্টে তার চিকিৎসা চলছিল বলে জানা গেছে।
সূত্র জানায়, গত শুক্রবার (২ জানুয়ারি) হঠাৎ করে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে দ্রুত কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরপরই চিকিৎসকরা তার অবস্থাকে গুরুতর বিবেচনা করে ভেন্টিলেশনে নেওয়ার সিদ্ধান্ত নেন।
হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসায় তিনি কিছুটা সাড়া দিচ্ছেন। তবে এখনও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং সংকটজনক পর্যায়ে রয়েছে। রোগনির্ণয়, চিকিৎসা পদ্ধতি বা ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।