ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট আরও জানিয়েছে, এসটিসি বাহিনী মধ্যরাতে এডেন ছেড়ে ধাল প্রদেশে অবস্থান নেয়। সংঘাত বাড়ানোর চেষ্টা ঠেকাতে স্থানীয় সময় ভোর ৪ টায় প্রতিরোধমূলক হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট ।
জোটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নেতা আইদারুস আল-জুবাইদি রিয়াদে শান্তি আলোচনায় যোগ দেওয়ার কথা থাকলেও নির্ধারিত ফ্লাইটে না উঠে পালিয়ে গেছেন। তবে এসটিসি দাবি করেছে, আল-জুবাইদি এডেনেই আছেন। কাতারভিত্তিক সংবাদ আল জাজিরা এ খবর জানিয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) ভোরে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানিয়েছে, আল-জুবাইদি মঙ্গলবার রাতে এডেন থেকে রিয়াদের উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু তিনি বিমানে না উঠে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। এ সময় তিনি সাঁজোয়া যান, ভারী ও হালকা অস্ত্রসহ বড় একটি বাহিনী মোতায়েন করেন বলে জানা গেছে।
অন্যদিকে, এসটিসি এক বিবৃতিতে সৌদি আরবকে বিমান হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। রিয়াদে থাকা তাদের প্রতিনিধিদলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা সৌদি আরবকে জানানো হয়েছে। তারা আরও বলেছে, আল-জুবাইদি এডেনেই আছেন এবং সেখানে সামরিক ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
আল-জাজিরার সংবাদে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমি আল জুবাইদিকে উচ্চমাত্রার রাষ্ট্রদ্রোহের অভিযোগে কাউন্সিল থেকে অপসারণের ঘোষণা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপ নিতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, এসটিসি অতীতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে থাকলেও পরে দক্ষিণে স্বাধীন রাষ্ট্র গঠনের দাবিতে অভিযান শুরু করে। এতে তারা হাদরামাউত ও মাহরা প্রদেশসহ দক্ষিণ ইয়েমেনের বড় অংশের নিয়ন্ত্রণ নেয়। পরে তাদের কাছ থেকে সরকারি বাহিনী কিছু প্রদেশ পুনরুদ্ধার করেছে।