রামুতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ ৭ জানুয়ারি ২০২৬ ভোর রাতে রামু উপজেলার গর্জনীয়া ইউনিয়নের থোয়াঙ্গা কাটা ঘোনার পাড়ায় এই অভিযান পরিচালনা করে রামু ১০ পদাতিক ডিভিশনের একটি বিশেষ অভিযানিক দল।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কুখ্যাত সন্ত্রাসী নুরুল আবছার ওরফে ল্যাং আবছার ও তার সহযোগীরা দুর্গম পাহাড়ি এলাকার একটি বাড়ি ও সংলগ্ন পাহাড়ে অবস্থান নিয়েছে। অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ল্যাং আবছারসহ তার সহযোগীরা গভীর পাহাড়ের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনাবাহিনী, গর্জনীয়া তদন্ত পুলিশ ও স্থানীয় গ্রাম পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১টি ডামি পিস্তল, ২টি একনালা বন্দুক, ৪৯টি পিস্তলের গুলি, ৬টি রাইফেলের গুলি, ৩টি কার্তুজ, ১টি কার্টার, ২টি ধারালো অস্ত্র, ২টি বাটন ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
এসময় অস্ত্রসহ আটক করা হয় ল্যাং আবছারের ঘনিষ্ঠ সহযোগী ফাতেমা বেগম (২৫) কে।
উল্লেখ্য, কুখ্যাত সন্ত্রাসী ল্যাং আবছারের বিরুদ্ধে হত্যা, গুম, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ প্রায় ১০টি মামলা বিচারাধীন রয়েছে।
এ ধরনের সন্ত্রাসীদের আটক ও অস্ত্র উদ্ধারে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।