জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ঘোষিত ২৮টি কেন্দ্রের ফলাফলে নাটকীয় মোড় নিয়েছে। প্রাথমিক দিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী এগিয়ে থাকলেও, শেষ মুহূর্তে এসে ভোটের ব্যবধান কমিয়ে লিড নিয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।
ভিপি পদে লিড নিলেন শিবির সমর্থিত প্রার্থী জকসুর মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৮ কেন্দ্রের ফলাফল বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ৪৩১ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। তিনি পেয়েছেন মোট ৩৭২৯ ভোট। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৩২৯৮ ভোট।
জিএস ও এজিএস পদেও এগিয়ে শিবির ভিপি পদের মতো সাধারণ সম্পাদক (জিএস) ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদেও মোট ভোটের হিসাবে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৩৮৪২ ভোট, যেখানে ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ১৪৬৫ ভোট (অর্থনীতি বিভাগের প্রাপ্ত ভোট বাদে)। এজিএস পদে শিবিরের মাসুদ রানা ৩৩৩৭ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ২৯৩৯ ভোট পেয়েছেন।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস নির্বাচনের ফল ঘোষণার শুরু থেকেই একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছিল। প্রথম ২২টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে ছাত্রদলের প্রার্থী রাকিব এগিয়ে থাকলেও, পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনার পর শিবিরের রিয়াজুল ইসলাম ব্যবধান কমিয়ে লিড নেন। এখনো বাকি কেন্দ্রগুলোর ভোট গণনা চলছে, যার ওপর নির্ভর করছে চূড়ান্ত ফলাফল।