‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে পর্দা উঠছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (DIFF)। এবারের ২৪তম আসরের (২০২৬) সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। ফ্রান্সের বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবের আদলে এবারই প্রথমবারের মতো দেশের সবচেয়ে বড় সৈকতে হবে উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী,।
সমুদ্র সৈকতে সিনেমার মেলা আগামী ১০ জানুয়ারি থেকে নয়দিনব্যাপী এই উৎসব শুরু হচ্ছে। একই সময়ে, অর্থাৎ ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে উৎসবের নির্বাচিত সিনেমাগুলো সবার জন্য উন্মুক্তভাবে দেখানো হবে । বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে রাজধানী ঢাকার বাইরেও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছোঁয়া পাবে সাধারণ দর্শক।
উৎসবের পরিধি ও আকর্ষণ এবারের উৎসবে বাংলাদেশসহ মোট ৯১টি দেশের ২৪৫টি পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে,। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল এক সংবাদ সম্মেলনে জানান, সিনেমা প্রদর্শনীর জন্য ঢাকার জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, শিল্পকলা একাডেমি, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ মোট ৬টি ভেন্যু নির্ধারিত হয়েছে। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে ১০ জানুয়ারি দেখানো হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ছবি ‘উ জিন ঝি লু’ (দি জার্নি টু নো এন্ড)।
প্রেক্ষাপট: কান উৎসবের অনুপ্রেরণা পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিনের অনুপ্রেরণায় এই নতুন মাত্রা যুক্ত হয়েছে। তিনি পূর্বে এফডিসির এমডি থাকাকালে কান চলচ্চিত্র উৎসবে সমুদ্র সৈকতে সিনেমা প্রদর্শনী দেখে অনুপ্রাণিত হন এবং দেশেও একই আয়োজন করার পরিকল্পনা করেন। তার এই উদ্যোগেই এবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমা দেখা যাবে কক্সবাজারের খোলা আকাশের নিচে।