• রাজনীতি
  • জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু

জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু

রাজনীতি ১ মিনিট পড়া
জামায়াত ধর্মকে ব্যবহার করছে : টুকু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা যারা বিএনপি করি তারা ধর্মের ব্যবসা করি না।

ইসলামে কোথাও লেখা নাই ধর্ম ব্যবসা করে রাষ্ট্র ক্ষমতা দখল করা। রাসুল সা. যে পথ দেখিয়েছেন সেই প্রদর্শিত পথ ধরেই আমাদের চলা। এ জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মদিনার যে সনদ রয়েছে সে হিসেবে আমরা দেশ পরিচালনা করব।

ধর্মের সাথে কোনো বিভেদ হয় এমন কিছু বিএনপি করবে না। তিনি বলেন, মওদুদীবাদ ও মদিনার ইসলাম এক নয়। এ জন্য সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

প্রয়াত বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন টুকু।

তিনি আরো বলেন, তৌহিদী জনতা নামে একদল মানুষ একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। এটা কি ধর্ম? তৌহিদী জনতা নামে ধর্মকে কলঙ্কিত করছে। এ ধরনের কাজ করে ইসলামকে বিশ্বের কাছে ছোট করা হচ্ছে। এদের বিরুদ্ধেও আমাদের সকলকে রুখে দাঁড়াতে হবে।

এ সময় তিনি আগামী ১১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে সকল মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার ছাত্রদের উপস্থিত থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম মোয়াজ্জিগণ উপস্থিত ছিলেন।

Tags: ধর্ম টুকু জামায়াত ব্যবহার করছে