• জাতীয়
  • মমতাজের ঢাকা ও মানিকগঞ্জের চার বাড়ি-প্লট জব্দ

মমতাজের ঢাকা ও মানিকগঞ্জের চার বাড়ি-প্লট জব্দ

জাতীয় ১ মিনিট পড়া
মমতাজের ঢাকা ও মানিকগঞ্জের চার বাড়ি-প্লট জব্দ

সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের নামে ঢাকা ও মানিকগঞ্জে থাকা চারটি বাড়ি ও একটি প্লট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

জব্দ হওয়া সম্পদের মধ্যে রয়েছে মহাখালী ডিওএইচএসের পাঁচ তলা বাড়ি, মানিকগঞ্জের সিংগাইরের দুই তলা বিশিষ্ট দুটি বাড়ি, মানিকগঞ্জ সদরের চার তলার একটি বাড়ি, পূর্বাচলের নয় কাঠা প্লট ও ১২ বিঘা জমি।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিন দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম কণ্ঠশিল্পী মমতাজের এসব সম্পদ জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়, মমতাজ বেগম এবং তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধান চলমান থাকাবস্থায় তার নামে থাকা স্থাবর সম্পদ জব্দ করা একান্ত প্রয়োজন।

সেই আবেদনের শুনানি শেষে বিচারক এসব সম্পদ জব্দের আদেশ দেন।

গত বছরের ১৩ মে রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

Tags: জব্দ মমতাজ ঢাকা ও মানিকগঞ্জ চার বাড়ি-প্লট