উদয়পুরের রাজকীয় বিয়েতে একসঙ্গে দিশা ও তালউইন্ডার
অভিনেত্রী দিশা পাটানি যখন তার আসন্ন সিনেমা এবং উদয়পুরে স্টেবিন বেন ও নুপূর সাননের বিয়েতে উপস্থিতি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই তার ব্যক্তিগত জীবন উঠে এসেছে নতুন করে আলোচনায়। সেই রাজকীয় বিয়ের আয়োজনেই দিশাকে দেখা গেছে এক নতুন মুখের সঙ্গে—পাঞ্জাবি ইন্ডিপেন্ডেন্ট মিউজিক শিল্পী তালউইন্ডার সিং সিধু।
অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখার পর থেকেই শুরু হয়েছে জল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দিশা ও তালউইন্ডারকে হাত ধরাধরি করতে দেখা যায়, যা মুহূর্তে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়। আনুষ্ঠানিকভাবে এখনো কেউই কিছু না জানালেও, তাদের এই নীরবতা যেন প্রেমের রহস্যকে আরও গভীর করেছে।
কে এই রহস্যময় শিল্পী তালউইন্ডার?
পাঞ্জাবে জন্ম নেওয়া এবং ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা তালউইন্ডার সিং সিধু একজন বহুমুখী শিল্পী—গায়ক, গীতিকার এবং প্রযোজক। পাঞ্জাবি সংগীতের মূল সুরের সঙ্গে তিনি আরঅ্যান্ডবি (R&B) এবং হিপ-হপের (Hip-Hop) মতো বৈশ্বিক ধারার এক ব্যতিক্রমী মিশ্রণ ঘটান, যা তার সৃষ্টির প্রধান শক্তি।
সংগীতের বাইরে তালউইন্ডারকে আলাদা করে তোলে তার রহস্যময় উপস্থিতি। তিনি খ্যাতির দৌড়ে না হেঁটে বরাবরই শিল্পকে গুরুত্ব দিয়েছেন বেশি। দীর্ঘ সময় ধরে মুখোশ পরে বা মুখ ঢেকে পারফর্ম করার কারণে শিল্পীর পরিচয়ের চেয়ে গানই তার কাছে মুখ্য হয়ে ওঠে। এই স্বতন্ত্র অবস্থানই তাকে মূলধারার আলোচনায় আসার আগেই একটি নিবেদিত ভক্তগোষ্ঠী এনে দিয়েছে। তার 'কাম্মো জি', 'ধুন্ধলা', 'খায়াল'-এর মতো গান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপার কনসার্টে ওপেনিং অ্যাক্ট হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতাও অর্জন করেছেন।
টাইগার শ্রফের সঙ্গে সম্পর্ক ও বর্তমান ব্যস্ততা
দিশা পাটানির ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। এর আগে অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। তবে ২০২২ সালে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে।
আপাতত, প্রেমের গুঞ্জনের মাঝেও দিশা পুরোপুরি মনোযোগী তার কর্মজীবনে। সামনেই রয়েছে 'ওয়েলকাম টু দ্য জঙ্গল' এবং 'ও রোমিও'র মতো বড় বাজেটের সিনেমা। অন্যদিকে, তালউইন্ডারও ব্যস্ত রয়েছেন তার নিজস্ব সংগীতযাত্রা নিয়ে।