'ইচ্ছেশ্রমে গড়ি দেশ,সুস্থ্য সুন্দর বাংলাদেশ' - এই প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত করলো 'ইচ্ছেশ্রম' সংগঠন। এ সংগঠনটি ২০২২ সাল থেকে এই উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এই ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূল অভিযান পরিচালিত করে আসছে। ১৬ ফেব্রুয়ারী ২০২৬ ( শুক্রবার) সকালে উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় অভিযান শেষে উপজেলাকে ক্ষতিকর উদ্ভিদ পার্থেনিয়াম মুক্ত ঘোষনা করা হয়। জানাযায়, পার্থেনিয়াম একটি ক্ষতিকর আগ্রাসী উদ্ভিদ। এটি নরম কান্ড বিশিষ্ট গুল্ম জাতীয় আগাছা, যা সাধারণত গাজর ঘাস নামে পরিচিত। দেখতে অনেকটা গাজর পাতা বা চন্দ্রমল্লিকা ফুল গাছের পাতার মতো। এতে ছোট ছোট সাদা ফুল ফোটে। এর বীজ অত্যন্ত ক্ষুদ্র ও হালকা হওয়ায় বাতাসের মাধ্যমে অনেক দূরে গিয়েও ছড়িয়ে পড়ে ও দ্রুত বংশবিস্তার করে।
এই উদ্ভিদের আদি নিবাস উত্তর ও দক্ষিণ আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং পূর্ব মেক্সিকো এর বৈজ্ঞানিক নাম Parthenium hysterophours. পার্থেনিয়াম সাধারণত ২ থেকে ৫ ফুট উঁচু হয়। একটি গাছ মাত্র চারমাসে তিনবার ফুল দিয়ে প্রায় ৪ হাজার থেকে ১৫ হাজার পর্যন্ত বীজ উৎপন্ন করতে পারে, যা এর ভয়াবহ বিস্তারের অন্যতম কারণ।