• আন্তর্জাতিক
  • মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: বেলডাঙায় অবরোধ, ধাওয়া খেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক

মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: বেলডাঙায় অবরোধ, ধাওয়া খেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক

ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু, হত্যা সন্দেহে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। উত্তেজনা চলাকালীন রিপাবলিক বাংলার সাংবাদিককে ধাওয়া করা হয়।

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যু: বেলডাঙায় অবরোধ, ধাওয়া খেলেন রিপাবলিক বাংলার সাংবাদিক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখের মরদেহ ঝাড়খণ্ডে উদ্ধার হওয়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রামবাসীর দাবি, হত্যাকে আড়াল করতে ঝুলন্ত মরদেহ সাজানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। অবরোধের খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন রিপাবলিক বাংলার এক সাংবাদিক।

পরিবারের অভিযোগ ও মরদেহ উদ্ধার

মুর্শিদাবাদের বেলডাঙার বাসিন্দা আলাউদ্দিন শেখ ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক হিসেবে ফেরিওয়ালার কাজ করতেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে সেখানেই একটি ভাড়াবাড়ি থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গ্রামবাসী এবং তাঁর পরিবারের দাবি, তাঁকে মারধর করে হত্যার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর জন্য মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। আরও অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে।

বেলাডাঙায় তীব্র উত্তেজনা ও অবরোধ

এই রহস্যময় মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে বেলডাঙায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আলাউদ্দিনের হত্যার প্রতিবাদে বিক্ষোভে নামেন। বিক্ষোভকারীরা ১২ নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায়, যার ফলে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন।

সাংবাদিককে ধাওয়া ও ভাঙচুর

অবরোধের সংবাদ সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে যান রিপাবলিক বাংলা চ্যানেলের এক সাংবাদিক। সেখানে তিনি বিক্ষোভকারীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন। অভিযোগ রয়েছে, বিক্ষোভকারীরা তাঁর মাইক্রোফোন কেড়ে নেয় এবং তাঁকে ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করে। বিক্ষোভকারীদের দাবি, রিপাবলিক বাংলা চ্যানেল ভুলভাবে খবর প্রচার করে, যা এলাকায় উত্তেজনা বাড়াতে পারে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই অবরোধে বেলডাঙায় ব্যাপক অচলাবস্থা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিক্ষোভকারীরা ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে অন্তত ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

Tags: protest india news west bengal murshidabad beldinga migrant worker death republic bangla journalist chased