• জাতীয়
  • কৃষকের ঝুঁকি ভাতা চালুসহ ২০ দফা বাস্তবায়নের দাবি

কৃষকের ঝুঁকি ভাতা চালুসহ ২০ দফা বাস্তবায়নের দাবি

জাতীয় ১ মিনিট পড়া
কৃষকের ঝুঁকি ভাতা চালুসহ ২০ দফা বাস্তবায়নের দাবি

লাভজনক, স্বাস্থ্যকর, দূষণমুক্ত, টেকসই ও সার্বভৌম কৃষি ও খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে ২০ দফা প্রস্তাব বাস্তবায়নের দাবি জানিয়েছে নিরাপদ কৃষি ও খাদ্য আন্দোলন। এর মধ্যে কৃষকের ঝুঁকি ভাতা ও ফসল বিমা চালুর দাবি অন্যতম।

রোববার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মুখপাত্র ও কৃষি গবেষক পাভেল পার্থ এ দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ হলেও কৃষকরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।

নিরাপদ, ন্যায্য, জলবায়ুসহিষ্ণু, লাভজনক ও টেকসই কৃষি ও খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান কৃষি ব্যবস্থার নেতিবাচক ও পরস্পরবিরোধী দিকগুলো পরিহার করতে হবে। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন কৃষি প্রতিবেশ অঞ্চল থেকে কৃষক, উদ্যোক্তা, ভোক্তা, গবেষক, লেখক, শিল্পী, শিক্ষার্থী, শিক্ষক, উন্নয়নকর্মী, ব্যবসায়ী ও পরিবেশকর্মীদের পক্ষ থেকে এসব প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল ও প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে নিরাপদ কৃষি ও খাদ্যবিষয়ক প্রস্তাব অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে প্রাকৃতিক কৃষক সমাজ, প্রাকৃত সমাজ, বাংলাদেশ অর্গানিক এগ্রিকালচারাল নেটওয়ার্ক, এসপিকে ফাউন্ডেশন, নিরাপদ কৃষি বলয়, জাতীয় কৃষি আন্দোলন, বাংলাদেশ সেফ ফুড এলায়েন্স, সমন্বিত কৃষি ক্লিনিক, বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন, দুনিয়াদারি আর্কাইভ, নয়াকৃষি আন্দোলন ও সবুজ সংহতি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: দাবি বাস্তবায়ন কৃষক ঝুঁকি ভাতা চালুসহ ২০ দফা