• জাতীয়
  • সাম্য ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির

সাম্য ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির

জাতীয় ১ মিনিট পড়া
সাম্য ও গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির

সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্রের সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

মঙ্গলবার (২০ জানুয়ারি) পল্টন সমাবেশে বোমা হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সিপিবির নেতারা এ আহ্বান জানান।

এ উপলক্ষে পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে নির্মিত অস্থায়ী বেদীতে সিপিবিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

উল্লেখ্য, ২০০১ সালের ২০ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে সিপিবি আয়োজিত মহাসমাবেশে বোমা হামলায় শহীদ হন হিমাংশু, মজিদ, হাশেম, মোক্তার ও বিপ্রদাস।

তাঁদের স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও সমাবেশে নেতারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা এবং গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রশ্নবিদ্ধ ভূমিকার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান।

অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং মোহাম্মদ শাহ আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান।

সমাবেশে সভাপতির বক্তব্যে কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ২০০১ সালের ২০ জানুয়ারি সিপিবির সমাবেশে ধর্মান্ধ গোষ্ঠী ও অগণতান্ত্রিক লুটেরা শাসকগোষ্ঠী বোমা হত্যাকাণ্ড চালিয়েছিল। দেশে প্রগতির ধারাকে বাধাগ্রস্ত করতেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সমাজতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। নির্বাচনকে ঘিরে জামায়াত-শিবির গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অন্তর্বর্তী সরকার গণভোট নিয়ে বিতর্কিত ভূমিকা রাখছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে মব সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে। মাজার, ছায়ানট, উদীচীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারার বিপরীতে সাম্প্রদায়িক উগ্রবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে, ফলে তারা আরও আস্ফালন করছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারাকে বিকৃত করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুক্তিযুদ্ধের আদর্শ ধ্বংস করেছে এবং লুটপাট, সন্ত্রাস, গুম ও খুনের রাজত্ব কায়েম করেছে।

দেশে যাতে আর ফ্যাসিস্ট শাসন ফিরে না আসে এবং উগ্র সাম্প্রদায়িক উত্থান ঠেকাতে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মোহাম্মদ শাহ আলম বলেন, কমিউনিস্ট পার্টি ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত গণতন্ত্র এবং শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। দেশবিরোধী শক্তি বারবার কমিউনিস্ট পার্টিকে ধ্বংস করার চেষ্টা করেছে, কিন্তু তা সফল হয়নি। বর্তমানে সিপিবি অফিসে হামলার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সিপিবি সব অপশক্তিকে মোকাবিলা করতে প্রস্তুত।

২০ জানুয়ারি শহীদদের স্মরণে আয়োজিত শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সাপ্তাহিক একতা, হকার্স ইউনিয়ন, ট্যানারি শ্রমিক ইউনিয়ন, সিপিবি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।

আন্তর্জাতিক সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ২০ জানুয়ারি শহীদদের স্মরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Tags: সাম্য গণতন্ত্রের সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান সিপিবির