• দেশজুড়ে
  • কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিয়

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিয়

দেশজুড়ে ১ মিনিট পড়া
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিয়

সাইদুর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার ব্যাটালিয়ন ৪৭ বিজিবির সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন। সীমান্ত এলাকায় গত এক বছরে অভিযান চালিয়ে ১৩৯ জন আসামিসহ প্রায় ১০৩ কোটি টাকার চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া সেক্টরের অধীনস্থ কুষ্টিয়া ব্যাটালিয়ন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক বছরে ১৩৯ জন আসামিসহ মোট ১০৩ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৪৫৬ টাকা মূল্যের মাদক, স্বর্ণ, রৌপ্য, আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, তাজা গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি ও অন্যান্য চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৩৩ কেজি স্বর্ণ, ১৫ দশমিক ৩৩ কেজি রৌপ্য, ১৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন, ২৭ রাউন্ড গুলি এবং ৮০ বক্স এয়ারগানের গুলি। এছাড়া ৩ হাজার ৮৮০ বোতল বিদেশি মদ, ২৩ কেজি হেরোইন, ৭০ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ হাজার ৫১৭ বোতল ফেন্সিডিল এবং ৬০২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবি সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে। গত বছেরর ১১ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে কুষ্টিয়া ব্যাটালিয়ন নির্বাচনী নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচনকালীন সময়ে সীমান্তবর্তী দৌলতপুর উপজেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং একাধিক বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে। পুরো নির্বাচনী এলাকায় মোট ১৪ দশমিক ৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করবে।

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১০টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন এবং গুরুত্বপূর্ণ ২২টি স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে। একই সঙ্গে ড্রোনের মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত শনাক্ত ও নিয়ন্ত্রণ করা যায়।

ইতোমধ্যে উপজেলা পর্যায়ে প্রতিনিধি পাঠিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অফিসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সব ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ঝুঁকিপূর্ণ এলাকা ও ভোটকেন্দ্র চিহ্নিত করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তফসিল ঘোষণার পর থেকে সীমান্ত এলাকায় নাশকতা প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে কুষ্টিয়া সীমান্ত এলাকা থেকে ৪টি বিদেশি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা আয়োজন করা হচ্ছে।

বিজিবি জানায়, যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের ৭টি ব্যাটালিয়ন ১৫ জেলার ৯২টি উপজেলার ৫১টি সংসদীয় আসনে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এসব এলাকায় ৭৯টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে এবং প্রায় ১৮০টি বিজিবি প্লাটুন সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করবে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্তে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিটি সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ দায়িত্ব পালনে তারা অবিচল থাকবে।

Tags: সাংবাদিক কুষ্টিয়া ব্যাটালিয় (৪৭ বিজিবি প্রেস ব্রিফিয়