• খেলা
  • সিলেটকে বিদায় করে বিপিএল ফাইনালে রাজশাহী

সিলেটকে বিদায় করে বিপিএল ফাইনালে রাজশাহী

খেলা ১ মিনিট পড়া
সিলেটকে বিদায় করে বিপিএল ফাইনালে রাজশাহী

কেন উইলিয়ামসন ও জেমস নিশামের ব্যাটিংয়ে ভর করে এবং বিনুরা ফার্নান্দোর চার উইকেট শিকারে বিপিএল ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স।

আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। আগামী ২৩ জানুয়ারি ফাইনালে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

ম্যাচের আগে দলে যোগ দেওয়া উইলিয়ামসন মাঝের ওভারে রাজশাহীর ব্যাটিং ধস সামলে দলকে পথ দেখিয়েছেন। ৩৮ বলে অপরাজিত ৪৫ রান করেন তিনি। একপর্যায়ে ৭৯ রানে ২ উইকেট থেকে মাত্র ছয় বলের ব্যবধানে ৮০ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে রাজশাহী। টানা দুই বলে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে দেন সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এরপর উইলিয়ামসন তার স্বদেশি নিশামকে নিয়ে ষষ্ঠ উইকেটে ৭৭ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ২৬ বলে ৪৪ রান করেন নিশাম, যেখানে ছিল দুটি ছক্কা ও চারটি চার। উইলিয়ামসনের ইনিংসে ছিল একটি চার ও দুটি ছক্কা। এর আগে ওপেনার সাহেবজাদা ফারহান (২৬) ও তানজিদ হাসান (৩২) রাজশাহীকে ভালো শুরু এনে দেন। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান তোলে রাজশাহী।

সিলেটের হয়ে সালমান ইরশাদ নেন তিন উইকেট। মিরাজ ও নাসুম আহমেদ শিকার করেন দুটি।

জবাবে শুরুতেই দুর্দান্ত বোলিং করেন বিনুরা ফার্নান্দো। প্রথম দুই ওভারে মাত্র তিন রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। এরপর তৃতীয় উইকেটে ৬৯ রানের জুটি গড়েন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। ৩৪ বলে ৪৮ রান করেন ইমন, তার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা। তবে ১১তম ওভারে ইমন রানআউট হওয়ার পরই ম্যাচে ফেরে রাজশাহী।

১৪তম ওভারে ফারহানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বিলিংসও (৩৭)।

শেষদিকে আরও দুটি উইকেট তুলে নিয়ে সিলেটের জয়ের আশার সম্ভাবনায় ইতি টানেন ফার্নান্দো। সিলেট ৮ উইকেটে থামে ১৫৮ রানে।

১৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা বিনুরা ফার্নান্দো।

Tags: সিলেট বিপিএল রাজশাহী