আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই মেগা ইভেন্টে অংশ নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে তারা।
শনিবার এডিনবরায় এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানায়, আইসিসি চেয়ারম্যান জয় শাহর কাছ থেকে তারা বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন এবং সানন্দে তা গ্রহণ করেছেন।
ক্রিকেট স্কটল্যান্ডের চেয়ারম্যান উইলফ ওয়ালশ বলেন, ‘আইসিসি চেয়ারম্যানের ফোন পেয়ে আমি আনন্দিত। আমাদের দল প্রস্তুত ছিল, তারা এই সুযোগটি লুফে নিয়েছে। বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে লড়াই করার এই সুযোগ করে দেওয়ার জন্য আইসিসিকে ধন্যবাদ।’
আইসিসি র্যাঙ্কিংয়ে ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড ছিল বাছাইপর্ব উৎরাতে না পারা দলগুলোর মধ্যে শীর্ষ স্থানে।
নিয়ম অনুযায়ী কোনো দল নাম প্রত্যাহার করলে তাদেরই প্রথম সুযোগ পাওয়ার কথা ছিল। উল্লেখ্য, এর আগেও ২০০৯ সালে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটল্যান্ডই তাদের জায়গায় বিশ্বকাপে খেলেছিল। টুর্নামেন্টে বাংলাদেশ ‘সি’ গ্রুপে ছিল। এখন তাদের জায়গায় স্কটল্যান্ডকে লড়াই করতে হবে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। এডিনবরা থেকে সরাসরি ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দ্রুততম সময়ের মধ্যে দেশটিতে পৌঁছাবে স্কটিশ স্কোয়াড। বাংলাদেশের জায়গায় এই সুযোগ আসায় সহমর্মিতাও জানিয়েছে স্কটিশ বোর্ড। ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ট্রুডি লিন্ডব্লেড বলেন, ‘আমরা জানি একটি চ্যালেঞ্জিং ও বিশেষ পরিস্থিতিতে আমাদের এই সুযোগটি তৈরি হয়েছে। আমাদের খেলোয়াড়রা গত কয়েক সপ্তাহ ধরেই অনুশীলনে ছিল।