বর্ডার ২: তিন দিনের বক্স অফিস রিপোর্ট
শুক্রবার মুক্তির দিনেই দুরন্ত সূচনা করে সানি দেওলের এই মেগা প্রজেক্ট। প্রথম দিনেই ছবির আয় ৩৫ কোটির ঘর ছুঁয়ে যায়। শনিবার সেই আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং রবিবার ছুটির দিনে দর্শকের ঢল আরও বাড়ে। প্রাথমিক ট্রেড রিপোর্ট অনুযায়ী, প্রথম তিন দিনের মোট আয় ১১৫ কোটিরও বেশি, যা নতুন রেকর্ড।
- প্রথম দিন (শুক্রবার): প্রায় ৩৫ কোটি রুপি
- দ্বিতীয় দিন (শনিবার): প্রায় ৪০ কোটি রুপি
- তৃতীয় দিন (রবিবার): প্রায় ৪০–৪২ কোটি রুপি
- মোট আয় (৩ দিনে): ১১৫ কোটিরও বেশি
অটুট সানি দেওলের ম্যাজিক
'গদর ২'-এর পর ফের একবার প্রমাণ হলো, ম্যাস এন্টারটেইনারে সানি দেওলের গ্রহণযোগ্যতা আজও অটুট। তাঁর সিগনেচার সংলাপ, দাপুটে অ্যাকশন ও আবেগঘন দৃশ্য দর্শকদের প্রেক্ষাগৃহে সিটি বাজাতে বাধ্য করছে। ছবিতে বরুণ ধাওয়ান ও দিলজিৎ দোসাঞ্ঝের উপস্থিতি আকর্ষণ আরও বাড়িয়েছে।
রেকর্ড ভাঙার পথে 'বর্ডার ২'
চলতি সপ্তাহে বড় কোনো ছবির মুক্তি না থাকায় 'বর্ডার ২'-এর সামনে কার্যত ফাঁকা মাঠ। ট্রেড অ্যানালিস্টদের মতে, সোমবার প্রজাতন্ত্র দিবসের ছুটিতে ছবির আয় রবিবারকেও ছাড়িয়ে যেতে পারে। অনেকের ধারণা, এই ছবির দাপটে আমির খান বা শাহরুখ খানের একাধিক বক্স অফিস রেকর্ডও চাপে পড়তে পারে। ছবিটি ইতিমধ্যেই ২০২৬ সালের প্রথম ব্লকবাস্টার হিসেবে নিজের অবস্থান নিশ্চিত করেছে।
চলচ্চিত্রটির পটভূমি
উল্লেখ্য, 'বর্ডার ২' নির্মিত হয়েছে ১৯৭১ সালের ভারত–পাক যুদ্ধের প্রেক্ষাপটে। এতে ভারতীয় স্থলসেনা, বিমানবাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানের কাহিনি তুলে ধরা হয়েছে, যা দেশপ্রেমী দর্শকদের সাথে গভীরভাবে সংযোগ তৈরি করতে পেরেছে।