পুরস্কারের বিভাগ ও যোগ্যতা
মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার ২০২৫ মোট তিনটি প্রধান বিভাগে প্রদান করা হবে—পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র, সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক এবং ওয়েব সিরিজ। প্রতিটি বিভাগের জন্য নির্দিষ্ট শাখা এবং কাজের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে।
১. পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র/চলচ্চিত্র
এই বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এই চারটি শাখায় পুরস্কার দেওয়া হবে। ২০২৫ সালে বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পাওয়া কাহিনিচিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্র্রিমিং হওয়া ওয়েব ফিল্মগুলো এই পুরস্কারের জন্য বিবেচিত হবে। এক্ষেত্রে কাহিনিচিত্রের দৈর্ঘ্য অবশ্যই ৮০ মিনিটের বেশি হতে হবে।
২. সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক
শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এই চারটি শাখায় সমালোচক পুরস্কার (সীমিত দৈর্ঘ্য কাহিনিচিত্র/নাটক) প্রদান করা হবে। ২০২৫ সালে বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল বা অনলাইনে প্রথমবার মুক্তি পাওয়া নাটক, টেলিছবি বা অন্যান্য ওয়েব কনটেন্টগুলো এই বিভাগের জন্য মনোনীত হবে। এই ধরনের কনটেন্টের দৈর্ঘ্য ৭৯ মিনিটের মধ্যে হতে হবে।
৩. ওয়েব সিরিজ
শ্রেষ্ঠ ওয়েব সিরিজ, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী—এই পাঁচটি শাখায় সমালোচক পুরস্কার (ওয়েব সিরিজ) দেওয়া হবে। এক্ষেত্রে ২০২৫ সালে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবারের মতো স্ট্র্রিমিং হওয়া ওয়েব সিরিজ থেকে পুরস্কার দেওয়া হবে। ওয়েব সিরিজের মোট দৈর্ঘ্য অবশ্যই ৭০ মিনিটের বেশি হতে হবে এবং এর ন্যূনতম পর্ব সংখ্যা হবে তিন।
আবেদনের প্রক্রিয়া ও শেষ সময়
আগ্রহী পরিচালক, প্রযোজক বা কাজসংশ্লিষ্ট প্রতিনিধিদের অনলাইনে https://services.prothomalo.com/mpaward/critics-award.php ঠিকানায় আবেদন করতে হবে। আবেদন ফরমে কাজের ইউটিউব লিংক, গুগল ড্রাইভ লিংক অথবা অনলাইন প্ল্যাটফর্মের লিংক উল্লেখ করা আবশ্যক। অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। কাজ জমা দেওয়ার শেষ সময় হলো ১৫ ফেব্রুয়ারি ২০২৬। শুধুমাত্র বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরাই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।