• দেশজুড়ে
  • ডামুড্যায় আ.লীগের চেয়ারম্যান-ইউপি সদস্যদের ধানের শীষে সমর্থনের ঘোষণা

ডামুড্যায় আ.লীগের চেয়ারম্যান-ইউপি সদস্যদের ধানের শীষে সমর্থনের ঘোষণা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ডামুড্যায় আ.লীগের চেয়ারম্যান-ইউপি সদস্যদের ধানের শীষে সমর্থনের ঘোষণা

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান বাচ্চু মাদবরসহ সাতটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও তিন শতাধিক নেতা-কর্মী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তার বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।

ধানের শীষের পক্ষে সমর্থন ঘোষণা দেওয়া চেয়ারম্যানরা হলেন— কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর, ধানকাঠি ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা রতন, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল মোল্লা, সিধলকুড়া ইউনিয়নের বাবুল শেখ, দারুল আমান ইউনিয়নের মিন্টু সিকদার, সিড্যা ইউনিয়নের সৈয়দ আব্দুল হাদী জিল্লু মীর এবং পূর্ব সাহেদ ইউনিয়নের পারভেজ লিটন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর সকল ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ডামুড্যা উপজেলার এসব ইউনিয়নের চেয়ারম্যানরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বুধবার শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে মতবিনিময় সভায় তারা দলীয় অবস্থান অপরিবর্তিত রেখেই ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষণা দেন।

এ বিষয়ে কনেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, “মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের স্পষ্ট করে বলেছেন— আওয়ামী লীগ করলে আওয়ামী লীগই করবেন, বিএনপিতে যোগ দেওয়ার প্রয়োজন নেই। নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করলেই চলবে। তার এই আহ্বানে সাড়া দিয়ে আমরা আমাদের নেতা-কর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।” তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, অপু ভাই নির্বাচিত হলে আমাদের এলাকার দীর্ঘদিনের অসম্পূর্ণ উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হবে। এলাকার স্বার্থেই আমরা সবাই তাকে সমর্থন দিয়েছি।” বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, “দল-মত নির্বিশেষে শরীয়তপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবারের সদস্য। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে নিয়ে কাজ করে যাবো।”

Tags: সমর্থন ঘোষণা ধানের শীষ চেয়ারম্যান ডামুড্যায় আ.লীগ ইউপি সদস্য