এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আসন্ন নির্বাচনে তার জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেন, বর্তমানে ফেনীতে ‘ঈগল’ প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।
ভোটাধিকার রক্ষায় কঠোর হুঁশিয়ারি সংবাদ সম্মেলনে মঞ্জু বলেন, “কেউ যদি এই গণজোয়ার রুখতে চায় বা জনতার ভোটাধিকার বাধাগ্রস্ত করতে চায়, তবে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।” তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো প্রকার বাধা সৃষ্টি হলে প্রথমে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হবে; সেখানে প্রতিকার না মিললে জনতাকে নিয়ে রাজপথেই এর জবাব দেওয়া হবে।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন যে, তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভিপি জয়নাল সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রক্ষা করছেন না। বিভিন্ন স্থানে ‘ঈগল’ প্রতীকের কর্মী-সমর্থক, বিশেষ করে নারী ও ধর্মীয় সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে তিনি দাবি করেন। নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও প্রচারণায় বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
ফেনী সদর নিয়ে উন্নয়ন পরিকল্পনা ফেনীবাসীর জন্য নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মঞ্জু জানান, ফেনীর স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে ইতোমধ্যে সাড়ে চার হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ করানো হয়েছে। তিনি বলেন, “এই বিশাল প্রকল্প দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়নের জন্য একজন নিবেদিত সংসদ সদস্য প্রয়োজন।” এছাড়া ফেনীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিমানবন্দর, সেনা ব্রিগেড এবং লালপোল ও রেলক্রসিং ফ্লাইওভার নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।
নতুন ধারার রাজনীতির অঙ্গীকার কিশোর গ্যাং দমন, গ্যাস সংকট দূরীকরণ এবং শিক্ষা ও স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তনের অঙ্গীকার করে তিনি বলেন, রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি ফেনীতে এক নতুন ধারার রাজনীতি ও উন্নয়নের সূচনা করতে চান। ১২ ফেব্রুয়ারি ‘ঈগল’ প্রতীকের পক্ষে রায় দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির একেএম শামসুদ্দিনসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।