পবিত্র ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নির্ধারিত ছুটির সঙ্গে আরও দু-তিন দিন যোগ করে ছুটি বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। তবে এই ছুটি তিন দিন বাড়লে ঈদের ছুটি হবে টানা ১০ দিন।
ছুটি বাড়ানোর জন্য একটি প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করা রয়েছে। সে হিসাবে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিন ছুটি নির্ধারিত আছে।
বিগত দুই সরকার ঈদে পাঁচ দিন ছুটি নির্ধারণ করে আসছে।
আগামী ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পর ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা আছে। জানা গেছে, ২৪ এবং ২৫ মার্চ মঙ্গল ও বুধবার ছুটির চিন্তা-ভাবনা করা হচ্ছে। নতুন করে এ দুদিন ছুটি দিলে ২৬ মার্চ বৃহস্পতিবার, এরপর ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার দুদিন সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১০ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।