ফরিদপুরে মাদকের পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (০২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ১০ টার দিকে ফরিদপুর শহরের রেলস্টেশন বাজার সংলগ্ন বস্তি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি নিহতের সাথে দীর্ঘদিন ধরে হত্যাকারিদের মাদকের পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই শিল্পীর মেয়ে ও তার জামাই হৃদয়সহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে রাজুর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি কুপিয়ে তার পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাজুকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টার দিকে রাজুর মৃত্যু হয়।
নিহত রাজু কোতয়ালী থানার কুটিবাড়ী স্টেশন বাজার মুসলিম কলোনির বাসিন্দা। তার পিতা বাবলু কসাই। পরিবার ও স্বজনদের অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে মাদক সংক্রান্ত আর্থিক বিরোধের বিষয়টি সামনে এসেছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১২টার দিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। পুলিশ সুপার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। এব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন মুঠোফোনে জানান, এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।