• দেশজুড়ে
  • ডোমার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় বিজিবির হাতে তিন শিশু আটক

ডোমার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় বিজিবির হাতে তিন শিশু আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
ডোমার সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টায় বিজিবির হাতে তিন শিশু আটক

তৈয়ব আলী সরকার নীলফামারী।

নীলফামারীর ডোমার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তিন শিশুকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) নীলফামারী। আটক তিন শিশু হলো, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকার ইসরাফিলের ছেলে ইরফান (১২), ঢাকা কোনাবাড়ি এলাকার আক্তারের ছেলে সাজ্জাদ (১৩) এবং সুনামগঞ্জ জেলার ছাতক থানার নতুন বাঁশতলা এলাকার আবুল কালামের ছেলে সাব্বির (১০)। এদিকে, নীলফামারী ৫৬ বিজিবি সোমবার রাত সাড়ে ১১টার দিকে আটককৃত শিশুদের ডোমার থানায় হস্তান্তর করা হয়। ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, ডোমার থানাধীন ডাঙ্গাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত ৭৮২/৪ এস এবং শূন্য লাইন হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমবার রাত সাড়ে ৯টার দিকে শিশুদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তারা ভারত অভিমুখে যাওয়ার চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের নিজ হেফাজতে নেয়। আটককৃত শিশুরা জানায়, তারা বাড়ি থেকে বের হয়ে ভারতে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়েছিল। ডোমার থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, আটক তিন শিশু তিন জেলার বাসিন্দা এবং তারা নিজেদের বন্ধু বলে পরিচয় দিয়েছে। বর্তমানে তারা ডোমার থানা পুলিশের হেফাজতে রয়েছে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। এর আইনগত প্রক্রিয়ার শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, এ রির্পোট লেখা পর্যন্ত শিশুরা ডোমার থানার হেফাজতে রয়েছে।